
West Bengal Awas Yojana Corruption: টাকা দিয়েও মেলেনি সরকারি আবাস যোজনার ঘর। রাজ্যে সরকার পরিবর্তনের পরই টাকা ফেরতের দাবিতে তৃণমূল কংগ্রেস (AITC) পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উপভোক্তারা। মালদার চাঁচল ২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে। অভিযোগ, জালালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা রেবিনা বিবি তার স্বামী জাহাঙ্গীর আলম সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের বেশ কিছু মানুষের কাছ ১০ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি তুলেছেন।
সরকারি আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য তৃণমূল নেতাকে কাটমানি দিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা আবু সামা এবং শাহজান আলি। কিন্তু টাকা দিলেও মেলেনি সরকারি আবাস প্রকল্পের ঘর। টাকা ফেরত চাইলে নানান টালবাহানা তৃণমূল নেতার। শেষমেশ চাঁচল থানায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপভক্তারা। তাঁদের দাবি, 'সরকারি ঘরের জন্য টাকা দিয়েছি। অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।'
সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা জাহাঙ্গির আলম। তাঁর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। পাল্টা মালদা উত্তরের বিজেপি (BJP) সহ-সভাপতি রতন দাসের দাবি, 'যাঁদের যাদের টাকা তৃণমূল নেতারা নিয়ে বসে আছে, তাঁরা প্রত্যেকেই থানায় অভিযোগ দায়ের করুন। আমরা তাঁদের পাশে আছি। গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.