
WB IPS Transfer News: ভোট ঘোষণা হতেই এবার নবান্নের পুনর্বহালও বাতিল। ১৫ আইপিএস অফিসারকে ভিন্রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন (National Election Commission)। ভোটের মুখে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের যেসব আইপিএস আধিকারিককে আগে সরানো হয়েছিল এবং পরে রাজ্য সরকার অন্য দায়িত্বে পুনর্বহাল করেছিল, সেই সিদ্ধান্তই এবার বাতিল করে দিল কমিশন।
নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ওই আধিকারিকদের মধ্যে ১৫ জনকে ভিন্রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। কমিশন সূত্রে খবর, অবিলম্বে তাঁদের নতুন দায়িত্বে যোগ দিতে হবে। তালিকায় রয়েছেন আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলী ধর, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা, রশিদ মুনির খান এবং সইয়দ ওয়াকার রাজা।
জানা গিয়েছে, এঁদের অধিকাংশকেই তামিলনাড়ু ও কেরলের নির্বাচনী দায়িত্বে পাঠানো হচ্ছে। এর মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ পদে ছিলেন— যেমন বিধাননগরের পুলিশ কমিশনার মুরলী ধর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা।
উল্লেখযোগ্য বিষয় হল, কমিশনের পর্যবেক্ষক হিসেবে যাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এই আধিকারিকদের অনেকেই সেই তালিকায় ছিলেন না। ফলে প্রশিক্ষণ ছাড়াই তাঁদের হঠাৎ করে এই দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
একাংশের মতে, নির্বাচনের আগে প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও কড়া করতেই এই পদক্ষেপ। যদিও অন্য মহলের দাবি, কমিশনের এই সিদ্ধান্তে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। সব মিলিয়ে, ভোটের আগে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে এই বড় রদবদল নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিল।
উল্লেখ্য, আবারও ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে পাঁচ রেঞ্জের পাঁচ ডিআইজি-কে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে বদল করা হয়েছে। নতুন ডিআইজি-দের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন পদে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। তিনি ২০১১ ব্যাচের আইপিএস। প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি হলেন কঙ্কর প্রসাদ বারুই।
তিনি ২০০৭ ব্যাচের আইপিএস। জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে অঞ্জলি সিংকে। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হয়েছেন অজিত সিং যাদব। তিনি ২০১১ ব্যাচের আইপিএস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.