
Maipith Tiger Fear : সুন্দরবনের মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে এলাকার এক বাসিন্দা শৌচালয়ে যাওয়ার সময় লোকালয় সংলগ্ন জঙ্গলে একটি বাঘ দেখতে পান।
Maipith Tiger Fear : সুন্দরবনের মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে এলাকার এক বাসিন্দা শৌচালয়ে যাওয়ার সময় লোকালয় সংলগ্ন জঙ্গলে একটি বাঘ দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং গ্রামবাসীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, মৈপীঠের নগেনাবাদের ওই বাসিন্দা শৌচালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেই হলুদ ডোরাকাটা 'দক্ষিণরায়ের' মুখোমুখি হন। সঙ্গে সঙ্গে তিনি আতঙ্কে কাঁপতে শুরু করেন। ধারণা করা হচ্ছে, বাঘটি আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় ঘেঁষা জঙ্গলে ঢুকে পড়েছে।
খবর পেয়ে দ্রুত বনদফতর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং নজরদারি শুরু করেন। নলগোড়া বিটের একাধিক বনকর্মী এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা সারা রাত পাহারা দেন। বনদফতর খতিয়ে দেখছে বাঘটি পুনরায় জঙ্গলে ফিরে গেছে নাকি এখনও লোকালয়ের মধ্যেই রয়েছে।
সাধারণত শীতকালে সুন্দরবনের নদী ও খালগুলিতে জল কম থাকার কারণে বাঘ খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। তবে এই বছর গরমকালেও বাঘের লোকালয়ে ঢোকার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠেছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে নাকি খাবারের অভাবে তারা লোকালয়ে আসছে, তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে আলোচনা চলছে।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে পুলিশ। বনদফতর বাঘটিকে খাঁচাবন্দি করার কাজ শুরু করেছে। দক্ষিণরায় ধরা না পড়া পর্যন্ত মৈপীঠের গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না।