
পাহাড়, জঙ্গল আর বন্যপ্রাণ পুরুলিয়ার প্রকৃতির অন্যতম পরিচয়। কিন্তু সেই অরণ্যেই যদি একের পর এক বন্যপ্রাণের মৃত্যু হয়, অবাধে চলে গাছ কাটা ও শিকার, তাহলে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এবার পুরুলিয়ার বনাঞ্চল ঘিরে এমনই একাধিক অভিযোগ সামনে এসেছে। শুধু বনজ সম্পদ লুট বা বন্যপ্রাণ হত্যা নয়, বিপদের সময়ে বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগও তুলছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কংসাবতী উত্তর বন বিভাগের পুরুলিয়া পাড়া রেঞ্জের আধিকারিক কিশলয় বিকাশ দে। স্থানীয়দের দাবি, সাপ, পেঁচা কিংবা অন্য কোনও বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে উদ্ধারের জন্য ওই আধিকারিককে ফোন করেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে ডিএফও কিংবা বনদপ্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে তাঁদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও। পুরুলিয়া পাড়া রেঞ্জের আওতায় রয়েছে পুরুলিয়া শহর, পুরুলিয়া ১ ও ২ নম্বর ব্লক এবং পাড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা। প্রায় ১১ হাজার হেক্টর বনভূমি নিয়ে গঠিত এই রেঞ্জে ছোট-বড় নানা বন্যপ্রাণীর বসবাস। অথচ এই বনাঞ্চলে বেআইনি শিকার ও বনজ সম্পদ নষ্টের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের বক্তব্য, জঙ্গলের উপর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
এলাকায় বন্যপ্রাণ হত্যার কয়েকটি ঘটনাও সামনে এসেছে। চলতি বছরের জুন মাসে পুরুলিয়া ২ ব্লকের গোলামারা এলাকায় দুটি বুনো শূকর এবং একটি হায়নাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এরপর আগস্ট মাসে সিঁদুরপুর পাহাড়েও একটি হায়নার মৃত্যুর খবর মেলে। শুধু বড় প্রাণী নয়, শিকারিদের পাতা ফাঁদে সজারু, বুনো বিড়াল, খরগোশের মতো ছোট প্রাণীরাও বিপদের মুখে পড়ছে বলে অভিযোগ।
স্থানীয়দের আরও দাবি, পাহাড়ের পাদদেশে থাকা জঙ্গলেও নিয়মিত গাছ কাটা হচ্ছে। এক বাসিন্দার বক্তব্য অনুযায়ী, একসময় যে এলাকায় ঘন বন ছিল, তার বড় অংশই এখন উধাও। বেআইনি শিকার এবং বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত অভিযান না চালালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এই পরিস্থিতিতে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের প্রয়োজনে সরকারি আধিকারিকদের সাড়া দেওয়া উচিত। বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বে থাকা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিভাগীয় স্তরে পদক্ষেপ করা প্রয়োজন।
অন্যদিকে, কংসাবতী উত্তর বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বন্যপ্রাণ উদ্ধারের জন্য তাঁর কাছেও ফোন আসে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ফোনের উত্তর দেওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। সংশ্লিষ্ট রেঞ্জ আধিকারিকের সঙ্গে কথা বলে বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছেন।তবে সমস্ত অভিযোগের জবাবে ওই রেঞ্জ আধিকারিকের বক্তব্য, ফোন রিচার্জের খরচ তিনি নিজের পকেট থেকেই বহন করেন। দপ্তর থেকে সেই খরচ দেওয়া হয় না। তাই ইচ্ছা হলে তবেই তিনি ফোন ধরবেন বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে পুরুলিয়ার জঙ্গলমহলে বন্যপ্রাণ সংরক্ষণ, বেআইনি শিকার রোধ এবং বনদপ্তরের পরিষেবা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর স্থানীয়দের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.