
Ampere Magnus Neo: ইন্ডিয়ার ইলেকট্রিক টু-হুইলারের বাজার বেশ দ্রুতগতিতে বাড়ছে। এই বাজারেই নতুন ধামাকা নিয়ে এল গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি। সংস্থাটি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও লঞ্চ করেছে। এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৬,৯৯৯ টাকা। পুরনো মডেলের থেকে এর দাম ২,০৯৯ টাকা বেশি হলেও, দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংস্থার দাবি, স্কুটারটি একবার চার্জ দিলে ১১৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
নতুন অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও-তে রয়েছে একটি ৩.৫ ইঞ্চির এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর ফলে গতি, ব্যাটারি লেভেল এবং অন্যান্য তথ্য দেখতে বেশ সুবিধা হয়। স্কুটারটিতে হেডলাইট, টেইলল্যাম্প এবং ইন্ডিকেটর সহ সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ রয়েছে। এছাড়াও, চলার পথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য একটি ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। সিটের নিচে রয়েছে ২২ লিটারের বড় স্টোরেজ স্পেস।
সংস্থাটি এই স্কুটারের সিট নতুন করে ডিজাইন করেছে। নতুন সিটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দীর্ঘক্ষণ চালালেও চালকের তেমন কোনও অসুবিধা না হয়।
অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও-তে এখন ১০ ইঞ্চির রিয়ার হুইল ব্যবহার করা হয়েছে। এর ফলে সিটের উচ্চতা আগের থেকে ২৫ মিমি কমে ৭৭৭ মিমি হয়েছে। এর সুবিধা হল, কম উচ্চতার চালকরাও এখন সহজেই মাটিতে পা রাখতে পারবেন। শুধু তাই নয়, স্কুটারটির ওজনও ৫ কেজি কমিয়ে ১০৩ কেজি করা হয়েছে। কম ওজন এবং নতুন চাকার কারণে শহরের ট্র্যাফিকে বা সরু গলিতে স্কুটারটি চালানো এখন আরও সহজ।
তবে স্কুটারের মেকানিক্যাল সেটআপে কোনও পরিবর্তন আনা হয়নি। এটি আগের মতোই ডুয়াল-ফ্রেম চ্যাসিসের ওপর তৈরি। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে ড্রাম ব্রেক রয়েছে।
অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও-তে রয়েছে ২.৩ কিলোওয়াট আওয়ারের একটি LFP ব্যাটারি। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে স্কুটারটি ১১৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তবে, বাস্তবে ইকো মোডে চালালে প্রায় ৮৫-৯০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। ব্যাটারিটি ০ থেকে ৮০% পর্যন্ত চার্জ হতে প্রায় ৫ ঘণ্টা সময় নেয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।