
দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি আগামী কয়েক মাসের মধ্যে তিনটি নতুন মডেল আনার প্রস্তুতি নিচ্ছে। এই গাড়িগুলির টেস্টিংও জোরকদমে চলছে। তালিকায় রয়েছে 2026 ব্রেজা ফেসলিফ্ট, 2026 ব্যালেনো ফেসলিফ্ট এবং একটি তিন-সারির নতুন ইলেকট্রিক MPV। রিপোর্ট অনুযায়ী, ব্রেজা ফেসলিফ্টের দাম ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। অন্যদিকে, ব্যালেনো ফেসলিফ্ট এবং নতুন ইলেকট্রিক MPV সম্ভবত ২০২৬ সালের শেষের দিকে বাজারে আসবে।
নতুন ব্রেজাতে খুব বড় ডিজাইনের বদল আশা করা না গেলেও, বাইরের দিকে কিছু ছোটখাটো পরিবর্তন দেখা যাবে। যেমন - নতুন ফ্রন্ট গ্রিল, বাম্পার, লাইটিং এবং নতুন অ্যালয় হুইল। কানেক্টেড LED টেলল্যাম্পও থাকতে পারে। সবচেয়ে বড় যান্ত্রিক পরিবর্তন হিসেবে ফ্রঙ্কসে ব্যবহৃত ১.০ লিটার টার্বোচার্জড বুস্টারজেট পেট্রোল ইঞ্জিনটি এতে যোগ করা হতে পারে। এই ইঞ্জিনটি ১০০ bhp শক্তি এবং ১৪৮ Nm টর্ক তৈরি করে এবং এটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে আসবে। তবে কম দামের ভ্যারিয়েন্টগুলিতে বর্তমান ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনটিই হয়তো থাকবে। এর CNG ভ্যারিয়েন্টে গাড়ির নিচে CNG ট্যাঙ্ক লাগানো থাকতে পারে। শোনা যাচ্ছে, নতুন ব্রেজাতে লেভেল ২ ADAS, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পাওয়ারড ড্রাইভার সিট এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং-এর মতো ফিচারও থাকতে পারে।
অন্যদিকে, টেস্টিংয়ের ছবি থেকে যা বোঝা যাচ্ছেa, তাতে 2026 ব্যালেনো ফেসলিফ্টে একটি নতুন ফ্রন্ট গ্রিল এবং নতুন ডিজাইনের বাম্পার থাকবে। প্রজেক্টর LED হেডল্যাম্প এবং বুমেরাং আকারের DRL গুলি বর্তমান মডেলের মতোই থাকার সম্ভাবনা। গাড়ির ভেতরে নতুন কেবিন থিম, উন্নত মানের মেটেরিয়াল এবং আরও বেশি ফিচার যোগ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে বর্তমান ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনটিই থাকবে, যা ৯০ bhp শক্তি এবং ১১৩ Nm টর্ক দেয়। ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড AMT গিয়ারবক্সের বিকল্পের পাশাপাশি একটি CNG ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে।
মারুতি সুজুকির নতুন ইলেকট্রিক MPV-টির কোডনেম YMC। শোনা যাচ্ছে, এটি ই-ভিটারার প্ল্যাটফর্ম এবং পাওয়ারট্রেন ব্যবহার করবে। গাড়িটি ৪৯ kWh এবং ৬১ kWh ক্ষমতার দুটি ব্যাটারি প্যাকের সঙ্গে আসতে পারে। আশা করা হচ্ছে, একবার চার্জে এটি ৫৪৩ কিলোমিটারের বেশি চলতে পারবে। বাজারে এলে এটি আরটিগা, এক্সএল৬ এবং ইনভিক্টোর পর মারুতি সুজুকির চতুর্থ MPV হবে। তবে, সংস্থা আনুষ্ঠানিকভাবে এই সব তথ্য নিশ্চিত করেনি, তাই চূড়ান্ত মডেলে কিছু পরিবর্তন হতে পারে।