
HDFC UPI Rules: ডিজিটাল পেমেন্ট! এখন যেখানেই যান না কেন, অনলাইন পেমেন্টেরই চল। নগদ লেনদেন প্রায় উধাও হতে বসেছে। চা খাওয়াই হোক, বা বাজারে গিয়ে সবজি কেনা— কত টাকা বিল হল তা জিজ্ঞাসা করি। তারপর হাতের মোবাইল দিয়ে UPI-এর মাধ্যমে পেমেন্ট করে দিই। টং করে দোকানদারের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলেও মেসেজ আসে যে এত টাকা কাটা হয়েছে।
আপনাকে SMS পাঠানো মেসেজটি আসলে টাকা কাটার সতর্কবার্তা। কিন্তু এবার থেকে ছোটখাটো কেনাকাটার ক্ষেত্রে টাকা কাটা হলে আর মেসেজ আসবে না। তবে এটা সব ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রে নয়। হ্যাঁ, HDFC ব্যাঙ্ক জানিয়েছে যে, ৫০০ টাকার কম UPI পেমেন্ট করলে আর SMS পাঠানো হবে না। এই নতুন নিয়ম শুধুমাত্র HDFC-র গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী... ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৫০০ টাকা পর্যন্ত UPI লেনদেনের জন্য SMS অ্যালার্ট বন্ধ হয়ে যাবে। তার মানে, আপনি যদি ৫০, ১০০, ২০০ বা ৫০০ টাকাও পেমেন্ট করেন, তাহলেও ব্যাঙ্ক থেকে কোনও মেসেজ পাবেন না।
RBI-এর নির্দেশিকা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৫০০ টাকার বেশি মূল্যের ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের জন্য ব্যাঙ্কগুলিকে দ্রুত SMS অ্যালার্ট পাঠানো বাধ্যতামূলক। ৫০০ টাকা বা তার কম মূল্যের লেনদেনের ক্ষেত্রে SMS পাঠানো হবে কি না, তা ব্যাঙ্কগুলির নিজস্ব নীতির ওপর নির্ভর করবে। যদি পাঠানো হয়, তবে গ্রাহকদের ওপর কোনও চার্জ চাপানো যাবে না। RBI জানিয়েছে, এই নিয়মগুলি শুধুমাত্র UPI-এর জন্য নয়, অন্যান্য ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য।
SMS পরিষেবায় পরিবর্তন এলেও গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। HDFC ব্যাঙ্ক সমস্ত UPI লেনদেনের জন্য ইমেল অ্যালার্ট দেওয়া চালিয়ে যাবে। ব্যাঙ্ক জানিয়েছে, আপনি ছোট ছোট পেমেন্ট করলেও আপনার রেজিস্টার্ড ইমেলে লেনদেনের তথ্য পাবেন। RBI-এর নিয়ম অনুযায়ী মেলের মাধ্যমে মেসেজ পাঠানোও বাধ্যতামূলক।
তাই HDFC-র গ্রাহকদের উচিত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা ঠিক আছে কি না তা চেক করে নেওয়া। লেনদেনের নোটিফিকেশন আসছে কি না তা নিশ্চিত করতে ব্যাঙ্কের মোবাইল অ্যাপ্লিকেশনের সেটিংস চেক করুন। ৫০০ টাকার কম লেনদেনের জন্য SMS না পেলেও আপনার UPI পেমেন্ট বন্ধ হবে না। শুধুমাত্র লেনদেনের তথ্য দেওয়ার পদ্ধতিতেই বদল আসতে চলেছে।