- Home
- Business News
- 8th Pay Commission: পেনশন বাড়বে ২০ শতাংশ? প্রধানমন্ত্রী মোদীকে চিঠি, অষ্টম পে কমিশনে ১১ দাবি
8th Pay Commission: পেনশন বাড়বে ২০ শতাংশ? প্রধানমন্ত্রী মোদীকে চিঠি, অষ্টম পে কমিশনে ১১ দাবি
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি এবার পেনশনভোগীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে পেনশন কতটা বাড়বে, পুরনো পেনশনভোগীরা আদৌ সুবিধা পাবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি এবার পেনশনভোগীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে পেনশন কতটা বাড়বে, পুরনো পেনশনভোগীরা আদৌ সুবিধা পাবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ১১ দফা দাবি জানাল পেনশনভোগীদের একটি সংগঠন। সংগঠনটির দাবি, শুধু ২০২৬ সালের ১ জানুয়ারির পর অবসর নেওয়া কর্মচারীরা নন, তার আগেই যাঁরা অবসর নিয়েছেন, তাঁদেরও অষ্টম বেতন কমিশনের আওতায় পেনশন সংশোধনের সুবিধা দিতে হবে। পাশাপাশি অন্তত ২০ শতাংশ অন্তর্বর্তী পেনশন বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। এই দাবিগুলি মানা হলে অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁদের পরিবারের পেনশন-সংক্রান্ত সুবিধায় বড় পরিবর্তন আসতে পারে। তবে এখনও এগুলি সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সিদ্ধান্ত নয়।

কেন প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন পেনশনভোগীরা?
ফোরাম অফ সিভিল পেনশনর্স অ্যাসোসিয়েশন (FCPA) গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে দিল্লির ইস্টার্ন কোর্টে একটি গণ অবস্থান কর্মসূচি করে। এরপর প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে নিজেদের দাবিগুলি তুলে ধরে সংগঠনটি। কেন্দ্রীয় সরকারি দফতর, রেল, প্রতিরক্ষা, BSNL, MTNL, ব্যাঙ্ক এবং বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারী ও পারিবারিক পেনশনভোগীদের সমস্যার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির অন্যতম আশঙ্কা, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর নেওয়া কর্মচারীদের পেনশন সংশোধনের বিষয়টি অষ্টম বেতন কমিশনের শর্তাবলিতে (Terms of Reference বা ToR) স্পষ্টভাবে উল্লেখ না থাকলে পুরনো ও নতুন পেনশনভোগীদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে।
পেনশনভোগীদের ১১ দফা দাবি কী কী?
FCPA-র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মোট ১১টি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। একনজরে দেখে নিন কী কী পরিবর্তন চাইছেন পেনশনভোগীরা।
১. পেনশন ভ্যালিডেশন আইন ২০২৫ প্রত্যাহার: ২০২৫ সালের পেনশন ভ্যালিডেশন আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
২. ২০২৬ সালের আগে অবসর নেওয়া কর্মীদের সুবিধা: ২০২৬ সালের ১ জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদেরও অষ্টম বেতন কমিশনের আওতায় পেনশন সংশোধনের সুবিধা দিতে হবে।
৩. পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা: ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি NPS ও UPS বন্ধ করার দাবিও রয়েছে।
৪. BSNL ও MTNL পেনশন সংশোধন: এই দুই সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের বকেয়া পেনশন সংশোধনের সমস্যা মেটাতে হবে। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত পেনশন কার্যকর করার দাবি রয়েছে।
৫. ব্যাঙ্ক কর্মীদের পেনশন বৃদ্ধি: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের পেনশন নিয়মিত সংশোধন করতে হবে। RBI-এর পেনশন সংশোধনের ধাঁচে এই ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
৬. স্বশাসিত সংস্থার কর্মীদের সুবিধা: বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদেরও অষ্টম বেতন কমিশনের সুবিধার আওতায় আনতে হবে। তাঁদের পেনশনভোগীদের CGHS স্বাস্থ্য পরিষেবার সুবিধা দেওয়ার দাবিও রয়েছে।
৭. ৫০ শতাংশ DA ও DR মূল বেতনে মিশিয়ে দেওয়া: অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) মূল বেতন ও পেনশনের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়েছে।
৮. অন্তত ২০ শতাংশ অন্তর্বর্তী পেনশন বৃদ্ধি: অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমান পেনশনের উপর অন্তত ২০ শতাংশ অতিরিক্ত আর্থিক সুবিধা দিতে হবে। পারিবারিক পেনশনভোগীদেরও এই সুবিধার আওতায় আনার দাবি রয়েছে।
৯. পেনশন কমিউটেশনের সময়সীমা কমানো: বর্তমানে কমিউটেড পেনশনের কাটা অংশ ১৫ বছর পর ফিরিয়ে দেওয়া হয়। সেই সময়সীমা কমিয়ে ১০ বছর ৮ মাস করার দাবি জানিয়েছে সংগঠনটি।
১০. CGHS পরিষেবা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি: প্রতিটি জেলায় অন্তত একটি CGHS ওয়েলনেস সেন্টার চালু, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত ওষুধ এবং আরও হাসপাতালকে পরিষেবার আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ক্যাশলেস চিকিৎসার সুবিধা এবং ফিক্সড মেডিক্যাল অ্যালাউন্স বাড়িয়ে ৫,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
১১. সমস্ত পেনশনভোগীর জন্য সমান সুবিধা: অবসরের তারিখের ভিত্তিতে পেনশনভোগীদের মধ্যে কোনও বৈষম্য রাখা যাবে না। One Rank One Pension-এর নীতিতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
২০২৬ সালের আগে অবসর নেওয়া কর্মীদের নিয়েই বেশি উদ্বেগ
পেনশনভোগীদের সংগঠনের সবচেয়ে বড় উদ্বেগ অষ্টম বেতন কমিশনের আওতায় পুরনো পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করা নিয়ে। তাঁদের বক্তব্য, একই পদে, একই মেয়াদে চাকরি করার পর দু'জন কর্মচারী অবসর নিলেন। কিন্তু একজন ২০২৫ সালে এবং অন্যজন ২০২৬ সালে অবসর নেওয়ার কারণে তাঁদের পেনশনে আলাদা নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়। এই কারণেই কমিশনের Terms of Reference-এ ২০২৬ সালের ১ জানুয়ারির আগের অবসরপ্রাপ্তদের পেনশন সংশোধনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।
পেনশন কি সত্যিই ২০ শতাংশ বাড়বে?
এই মুহূর্তে পেনশন ২০ শতাংশ বাড়ানোর কোনও সরকারি ঘোষণা হয়নি। এটি পেনশনভোগীদের সংগঠনের প্রস্তাব। কেন্দ্রীয় সরকার এই দাবি গ্রহণ করলে তবেই তা বাস্তবায়নের প্রশ্ন আসবে। তাই এখনই পেনশনভোগীদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে বা নির্দিষ্ট হারে পেনশন বাড়বে, এমন কোনও নিশ্চয়তা নেই।