Published : Oct 06, 2026, 03:52 PM ISTUpdated : Oct 06, 2026, 04:10 PM IST
Home Loan 2026: চলতি ২০২৬ সালে, হোম লোন নেওয়ার প্ল্যান করছেন? কোন ব্যাঙ্কে সবচেয়ে কম সুদ, কী কী ডকুমেন্টস লাগবে এবং ৩০ হাজার টাকা বেতনে কত লোন পাবেন, তা বিস্তারিত জেনে নিন।
নিজের একটা বাড়ি হবে, এটা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারেরই সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু এখন বাড়ির যা দাম, তাতে পুরো টাকা একবারে দিয়ে বাড়ি কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই ব্যাঙ্ক বা হাউজিং ফিনান্স কোম্পানি থেকে হোম লোন নেওয়াই এখন সবচেয়ে বড় ভরসা। তবে হোম লোন যেহেতু দীর্ঘমেয়াদি ব্যাপার, তাই লোন নেওয়ার আগে কোন ব্যাঙ্কে সুদ কম, ইএমআই (EMI) কত পড়বে এবং প্রসেসিং ফি কত—এসব ভালোভাবে জেনে নেওয়া উচিত।
29
হোম লোনে সুদের হার কত?
বর্তমান তথ্য অনুযায়ী, কিছু সরকারি ব্যাঙ্কে হোম লোনের সুদ শুরু হচ্ছে ৭.১০% থেকে।
সরকারি ব্যাঙ্ক:
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৭.১০% থেকে ৯.১৫%
ইন্ডিয়ান ব্যাঙ্ক – ৭.১৫% থেকে ৯.৫৫%
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৭.১০% থেকে ১০.২৫%
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র – ৭.১০% থেকে ৯.৯০%
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৭.১৫% থেকে ৯.৬০%
বেসরকারি ব্যাঙ্ক:
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক – ৭.২০% থেকে শুরু
ফেডারেল ব্যাঙ্ক – ৭.৩৫% থেকে ১০.২৫%
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক – ৭.৬০% থেকে শুরু
আইসিআইসিআই ব্যাঙ্ক – ৭.৫৫% থেকে শুরু
হাউজিং ফিনান্স কোম্পানি:
বাজাজ হাউজিং ফিনান্স – ৭.২৫% থেকে শুরু
এলআইসি হাউজিং ফিনান্স – ৭.১৫%
পিএনবি হাউজিং ফিনান্স – ৭.৫০% থেকে শুরু
ক্রেডিট স্কোর, বয়স, চাকরির স্থায়িত্ব এবং লোনের মেয়াদের উপর আপনার চূড়ান্ত সুদের হার নির্ভর করবে।
39
কোন ব্যাঙ্কটিকে বেছে নেবেন?
হোম লোন নেওয়ার সময় শুধু 'কম সুদ' দেখে ব্যাঙ্ক বাছা ঠিক নয়। সুদের পাশাপাশি প্রসেসিং ফি, লিগ্যাল চার্জ, ভ্যালুয়েশন চার্জ এবং ইনস্যুরেন্সের খরচও মিলিয়ে দেখা উচিত। ধরুন, একটা ব্যাঙ্ক ৭.১০% সুদ দিচ্ছে মানেই সেখান থেকে লোন নিতে হবে, এমন কোনও কথা নেই। অন্য কোনও ব্যাঙ্ক হয়ত একটু বেশি সুদ নিলেও তাদের প্রসেসিং ফি কম হতে পারে। তাই সবদিক বিচার করে সিদ্ধান্ত নিন।
সবার আগে হিসেব করতে হবে যে, আপনার মাসিক আয়ের কত টাকা ইএমআই (EMI) হিসেবে দিতে পারবেন। বেতনের বড় অংশ ইএমআইতে না দিয়ে সংসার, চিকিৎসা, বাচ্চাদের পড়াশোনা ও ইমার্জেন্সি ফান্ডের জন্য টাকা সরিয়ে রাখা জরুরি। এছাড়া, ব্যাঙ্ক কিন্তু বাড়ির পুরো দামটা লোন হিসেবে দেয় না। তাই ডাউনপেমেন্ট দেওয়ার জন্য নিজের কাছে কিছু জমানো টাকা থাকাটা খুব দরকার।
59
৩০ হাজার টাকার বেতনে কত লোন পাবেন?
মাসে ৩০ হাজার টাকা বেতন পেলেই যে সবাই একই অঙ্কের লোন পাবেন, তা নয়। বয়স, চাকরির স্থায়িত্ব, ক্রেডিট স্কোর এবং আগে থেকে চলা কোনও ইএমআইয়ের ওপর লোনের অঙ্ক নির্ভর করে। তবে ভালো ক্রেডিট স্কোর থাকলে ৩০ হাজার টাকা বেতনে সাধারণত ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করলে, কো-অ্যাপ্লিক্যান্ট (co-applicant) হিসেবে আবেদন করলে বেশি লোন পাওয়ার সুযোগ থাকে।
69
হোম লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
হোম লোনের আবেদন করতে সাধারণত পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, আয়ের প্রমাণ এবং সম্পত্তির কাগজপত্র লাগে। চাকরিজীবীদের ক্ষেত্রে প্যান কার্ড (PAN Card), আধার (Aadhaar) বা কেওয়াইসি (KYC) ডকুমেন্টস, স্যালারি স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ফর্ম ১৬ (Form 16) বা আইটিআর (ITR) জমা দিতে হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে আইটিআর, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও ব্যবসার প্রমাণ লাগে। এছাড়া বাড়ির সেল এগ্রিমেন্ট, টাইটেল ডকুমেন্টস ও অনুমোদিত বিল্ডিং প্ল্যানও ব্যাঙ্ক খতিয়ে দেখে।
79
লোন নেওয়ার আগে ক্রেডিট স্কোর জরুরি
ব্যাঙ্ক লোন দেওয়ার আগে আবেদনকারীর ক্রেডিট হিস্ট্রি (credit history) ভালো করে চেক করে। ক্রেডিট স্কোর ভালো থাকলে লোন পাশ হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই অনেক সময় সুদের হারেও ছাড় পাওয়া যায়। তাই হোম লোনের আবেদন করার আগে আপনার পুরনো পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের বকেয়া থাকলে, সেগুলো ঠিকঠাক মিটিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ।
89
শুধু ইএমআই নয়, মোট সুদও হিসাব করুন
হোম লোন যেহেতু অনেক দিনের জন্য নেওয়া হয়, তাই সুদের সামান্য হেরফেরও দীর্ঘমেয়াদে বড় টাকার ফারাক গড়ে দেয়। লোনের মেয়াদ বাড়ালে হয়তো মাসিক ইএমআই কমবে, কিন্তু আপনাকে মোট সুদের পরিমাণ অনেক বেশি চোকাতে হবে। তাই আয়ের সঙ্গে মানানসই ইএমআই বেছে নিন। সম্ভব হলে মাঝে মাঝে আসলের (principal) ওপর কিছু বাড়তি টাকা জমা দিন, এতে সুদের বোঝা কমবে।
99
শর্তাবলি মিলিয়ে দেখে সিদ্ধান্ত নিন
নিজের বাড়ি কেনা জীবনের অন্যতম বড় একটা আর্থিক সিদ্ধান্ত। তাই বাড়ির কাছের কোনও ব্যাঙ্ক থেকে হুট করে লোন না নিয়ে, অন্তত ৩-৪টি ব্যাঙ্কের সুদের হার, প্রসেসিং ফি ও শর্তাবলি তুলনা করে দেখুন। বিশেষ করে যাদের বেতন ৩০ হাজার টাকার আশেপাশে, তাদের সাধ্যমতো ইএমআইয়ের কথা মাথায় রেখেই বাড়ির বাজেট ঠিক করা উচিত। এতে ভবিষ্যতে কোনও আর্থিক চাপ ছাড়াই নিজের বাড়ির স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগ বা লোন নেওয়ার পরামর্শ দেয় না। এটি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.