
Stock Market Closing: ভারতীয় শেয়ার বাজারের বেঞ্চমার্ক সূচকগুলি শুক্রবার, এক লাফে অনেকটা বেড়ে গেল। সেনসেক্স প্রায় ৯৬৫ পয়েন্ট বাড়ল এবং নিফটি ১ শতাংশের বেশি উঠল (stock market closing)। প্রথম ত্রৈমাসিকের ভালো ফলের আশায় আইটি এবং ব্যাঙ্কিং স্টকগুলিতে ব্যাপক কেনাকাটা চলে, যার জেরেই এই উত্থান। বিএসই সেনসেক্স ৯৬৪.৫৮ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে ৭৮,১৫১.৪৫-এ বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটি ফিফটি ২৬১.৫৫ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪,৩৩৪.৩০-এ শেষ করেছে।
জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের রিসার্চ হেড বিনোদ নায়ারের মতে, বাজারের মোমেন্টাম এখন লার্জ-ক্যাপ বা বড় সংস্থাগুলির শেয়ারের দিকে ঝুঁকছে, বিশেষ করে আইটি এবং ব্যাঙ্কিং সেক্টরে। তিনি বলেন, "বাজারের গতি এখন লার্জ-ক্যাপ স্টকের দিকে যাচ্ছে, যার নেতৃত্বে রয়েছে আইটি এবং ব্যাঙ্কিং সেক্টর। সংস্থাগুলির ত্রৈমাসিক ফলের প্রত্যাশা এই প্রবণতাকে আরও জোরদার করছে। দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দামি মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ স্টক থেকে টাকা তুলে অপেক্ষাকৃত সস্তা লার্জ-ক্যাপ স্টকে বিনিয়োগ করছেন। কারণ, এখানে ঝুঁকি কম এবং লাভের সম্ভাবনা বেশি। একইসঙ্গে, কনজিউমার ডিউরেবলস সেক্টরেও কেনাকাটার আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, অর্থবর্ষ ২৭-এর দ্বিতীয়ার্ধে দেশে এই সব পণ্যের চাহিদা বাড়বে। সব মিলিয়ে ভারতের বাজারের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে।"
এনএসই-তে ফার্মা, মেটাল এবং কনজিউমার ডিউরেবলস ছাড়া বাকি সব সেক্টরের সূচকই সবুজে শেষ হয়েছে। নিফটি আইটি ১.৭৫ শতাংশ এবং নিফটি অটো ১.২৪ শতাংশ বেড়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্কও দারুণ ফল করেছে। দিনের শেষে প্রাইভেট ব্যাঙ্কিং সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। নিফটি ফিফটি-তে সবচেয়ে বেশি লাভ করেছে টেক মাহিন্দ্রা, কোটাক ব্যাঙ্ক, জিও ফিনান্স, টিসিএস এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে হিন্দালকো, ডঃ রেড্ডিস, উইপ্রো, সান ফার্মা, অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স হেলথ।
হেজড.ইন-এর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট রিয়াঙ্ক অরোরা বলেছেন, আজকের এই বড় র্যালি বাজারে নতুন করে কেনাকাটার আগ্রহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, "যতক্ষণ বেঞ্চমার্ক সূচকগুলি তাদের সাপোর্ট লেভেলের উপরে থাকবে, ততক্ষণ বাজারের সার্বিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। ট্রেডাররা 'বাই-অন-ডিপস' অর্থাৎ দাম কমলে কেনার কৌশল নিতে পারেন, তবে ঝুঁকি সামলে চলতে হবে।"
অন্যদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম চড়া রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় তা ২% বেড়ে প্রতি ব্যারেল ৮৫.৮৮ ডলারে পৌঁছেছে। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দামেও চাপ রয়েছে। প্রতি ডলারের দাম ছিল ৯৬.২৮ টাকা। এশিয়ার অন্যান্য বাজারগুলির মধ্যে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৮৯ শতাংশ কমে ৬৩,৭২০-এ বন্ধ হয়েছে। সিঙ্গাপুরের স্ট্রেটস টাইমস ০.৫৪ শতাংশ কমে ৫,৫০৯-এ এবং হংকংয়ের হ্যাং সেং ২.০৯ শতাংশ কমে ২৪,৪৯৭-এ শেষ হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।