
Stock Market Profit: প্রথমে পতন এবং তারপরেই ঘুরে দাঁড়ানো। ঠিক পতনের পরের দিনই ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার (Stock Market Gain)। মার্কেটে কার্যত, বড় অঙ্কের বৃদ্ধি দেখা গেছে দুটি বেঞ্চমার্ক ইনডেক্সে (Stock Market Profit)।
ঘরোয়া বাজারে ব্যাপক পরিমাণে শেয়ার কেনা এবং অনুকূল আন্তর্জাতিক তথা ভূ-রাজনৈতিক পরিস্থিতির মতো একাধিক ফ্যাক্টর এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বোম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড স্টকগুলির মার্কেট ক্যাপিটাল ১ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বুধবার।
বুধবার, বাজার বন্ধের সময় সেনসেক্স শেষ করেছে ৭৬,৯৯১ পয়েন্টে। শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ৭৯১ পয়েন্ট বা ১.০৩% বৃদ্ধি পেয়েছে। ১৯৭ পয়েন্ট বা ০.৮৩% বৃদ্ধি দেখা গেছে নিফটি৫০-র ক্ষেত্রেও। এই সূচকটি শেষ করেছে ২৪,০২১ পয়েন্টে। অন্যদিকে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলিতেও বড় অঙ্কের আর্থিক বৃদ্ধি দেখা গেছে বুধবারের ট্রেডিং সেশনে।
এছাড়া সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। রিয়েলটি ২.১৭%, আইটি ২.০৫%, ব্যাঙ্ক ১.৬৯%, ফিন্যান্সিয়াল সার্ভিস ১.৫৪%, ট্যুরিজ়ম ১.১৪% এবং অয়েল অ্যান্ড গ্যাস ০.৬৩% বৃদ্ধি পেয়েছে। অবশ্য ডিফেন্স, এনার্জি, ক্যাপিটাল মার্কেট, এমএনসি, অটো, মেটালের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমে গেছে।
আন্তর্জাতিক বাজারে ১ শতাংশের বেশি কমে গেছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। প্রতি ব্যারেলের দাম ৭৬ ডলারের কাছাকাছি নেমে এসেছে। আর তেলের দাম কমলে স্বাভাবিকভাবেই, ভারতে আমদানি খরচ অনেকটা কমে যায়। সেইসঙ্গে, মূল্যবৃদ্ধির চাপও কিছুটা নিয়ন্ত্রণে থাকে। ফলে, বাজারে পজিটিভ মনোভাব তৈরি হয়েছে।
মার্কেট অ্যানালিস্টদের মতে, বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরাও ফের ভারতীয় বাজারে শেয়ার কেনা শুরু করেছেন। মঙ্গলবার, ১৭.৮৬ কোটি টাকার শেয়ার কিনেছেন তারা। পাশাপাশি ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার তীব্র সম্ভাবনাও একটা গভীর প্রভাব ফেলেছে এবং লগ্নিকারীদের আশাবাদী করে তুলেছে। তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এশিয়ার অন্যান্য বাজার থেকেও ইতিবাচক সঙ্কেত আসছে। একাধারে দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের শেয়ার বাজারে বৃদ্ধি দেখা গেছে। বুধবারের স্টক মার্কেটে ভালো ফল করেছে আইটি এবং ব্যাঙ্কিং শেয়ার। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারগুলি ব্যাপক কেনাকাটা হয়েছে।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।