টাটা গোষ্ঠীতে নজিরবিহীন সংঘাত! চন্দ্রশেখরনের পদ নিয়ে আদালতে নোয়েল, ৬৫ কোটি ক্ষতিপূরণ দাবি

Published : Nov 26, 2026, 11:59 AM IST
tata sons n chandrasekharan noel tata

সংক্ষিপ্ত

এন চন্দ্রশেখরনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে টাটা ট্রাস্টসের দুটি গুরুত্বপূর্ণ ট্রাস্ট। শুধু নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিই নয়, মোট ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হচ্ছে।

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটায় এবার বড়সড় আইনি সংঘাতের আশঙ্কা। একদিকে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, অন্যদিকে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। দু'পক্ষের বিরোধ এবার আদালত পর্যন্ত গড়াতে চলেছে। এন চন্দ্রশেখরনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে টাটা ট্রাস্টসের দুটি গুরুত্বপূর্ণ ট্রাস্ট। শুধু নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিই নয়, মোট ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হচ্ছে। আগামী ৩০ নভেম্বর টাটা সন্সের বোর্ড মিটিংয়ের আগেই এই আইনি পদক্ষেপ ঘিরে শিল্পমহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

কেন এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে আপত্তি?

গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড মিটিংয়ে এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলেন নোয়েল টাটা। তাঁর বক্তব্য, টাটা সন্সের Articles of Association বা সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে টাটা ট্রাস্টসের মনোনীত পরিচালকদের প্রয়োজনীয় সম্মতি থাকা বাধ্যতামূলক। সেই বৈঠকে নোয়েল টাটা পুনর্নিয়োগের বিরোধিতা করেন। অন্যদিকে, ভেনু শ্রীনিবাসন সমর্থন জানান। ফলে দুই মনোনীত পরিচালকের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এরপর বৈঠকে উপস্থিত চেয়ারম্যান হরিশ মানওয়ানি তাঁর Casting Vote প্রয়োগ করে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের পক্ষে সিদ্ধান্ত দেন। এই ভোটপ্রক্রিয়াকেই এবার চ্যালেঞ্জ করছে টাটা ট্রাস্টস।

৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, কার কত?

  • দুটি ট্রাস্ট পৃথকভাবে ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে।
  • Sir Dorabji Tata Trust: ৫০ কোটি টাকা।
  • R.D. Tata Trust: ১৫ কোটি টাকা।

অর্থাৎ, মোট ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। পাশাপাশি মামলা দায়েরের দিন থেকে বার্ষিক ১৮ শতাংশ হারে সুদও চাওয়া হয়েছে। ট্রাস্টগুলির দাবি, ১৭ সেপ্টেম্বরের বোর্ডের সিদ্ধান্ত সংস্থার গঠনতন্ত্রের ১২১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

৩০ নভেম্বরের বোর্ড মিটিং ঘিরে কেন এত তৎপরতা?

আগামী ৩০ নভেম্বর টাটা সন্সের গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং হওয়ার কথা। তার আগেই আদালতের দ্বারস্থ হতে চাইছে টাটা ট্রাস্টস। তাদের দাবি, ভবিষ্যতে বোর্ডের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে টাটা ট্রাস্টসের মনোনীত পরিচালকদের প্রয়োজনীয় সম্মতি ছাড়া Casting Vote ব্যবহার করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এমনকী চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করার উপরেও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে।

টাটা ট্রাস্টসের হাতে কত শেয়ার রয়েছে?

টাটা সন্সের অন্যতম বৃহত্তম শেয়ারহোল্ডার টাটা ট্রাস্টস। সংস্থাটির প্রায় ৬৬ শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টসের অধীনে। অন্যদিকে, Sir Dorabji Tata Trust-এর হাতে রয়েছে ১,১৩,০৬৭টি সাধারণ শেয়ার এবং R.D. Tata Trust-এর হাতে রয়েছে ৮,৮৩৮টি সাধারণ শেয়ার। এই দুই ট্রাস্টের আইনি পদক্ষেপ টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ পরিচালন কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ কোন পথে?

এই বিরোধ শুধু একজন চেয়ারম্যানের পুনর্নিয়োগকে কেন্দ্র করে নয়। টাটা সন্সের ভবিষ্যৎ পরিচালন ব্যবস্থা, সম্ভাব্য IPO, সংস্থার পুনর্গঠন এবং বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও মতবিরোধ রয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বরের বোর্ড মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার, বম্বে হাই কোর্টে টাটা ট্রাস্টসের আবেদন কীভাবে এগোয় এবং এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: পর্তুগালে মিনারেল ওয়াটার কারখানা, নতুন ব্যবসায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Share Market Today: শেয়ার বাজারে উত্থান, তবে কি ট্রাম্পের শুল্ক নীতি বাধা?