
Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য মাসের শুরুতেই দারুণ খবর। এবার নিয়োগ চলছে ভারত সঞ্চার নিগমে (BSNL)। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার অধীনস্থ এই সংস্থাটি। নিয়োগ হবে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে। এই মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএসএনএল-এর টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কাজ করতে হবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে কাজে আবেদনের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
এই বিষয়ে বিএসএনএল-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ করা হবে-টেলিকম অপারেশনসন বিভাগে। মোট শূন্য পদের সংখ্যা ১২০টি। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে-সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এছাড়াও ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের থাকতে হবে চাটার্ড অ্যাকাউন্টে স্নাতক ডিগ্রি। সফল প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকা পর্যন্ত। এবং আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের প্রথমেই বিএসএনএল-এর ওয়েবসাইটে (https://bsnlregistration.ibtexamination.com/) ক্লিক করতে হবে। তারপর সেখানে থাকা যাবতীয় তথ্য অনুযায়ী বা অনলাইনে ডকুমেন্টস আপলোড করে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর যাচাইকরণ হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিএসএনএল-এর ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে প্রার্থীদের।
অন্যদিকে, স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ স্থগিতের নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের কারণেই এই পদক্ষেপ। পর্ষদের সূত্রে খবর, নির্বাচনের সময়ে যাতায়াতের অসুবিধা হতে পারে। বহু চাকরিপ্রার্থী পর্ষদে একথা জানিয়েছেন। তাঁদের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে।
২০২২ সালে শেষবারের জন্য প্রাথমিক নিয়োগ হয়েছিল। সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা। তবে এর মধ্যে ২০২২ ও ২০২৩-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা নিয়োগে সুবিধা পায়নি।
তারপর প্রায় তিন বছরের অপেক্ষা শেষে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৩ হাজার ৪২১ জনের নিয়োগের জন্য গত বছরের ডিসেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। ইতমধ্যেই প্রথম থেকে চতুর্থ দফার ইন্টারভিউ শেষ হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার ইন্টারভিউ শুরু হয়। পঞ্চম পর্যায়ে নদিয়া জেলার ইন্টারভিউ গত ১৯ মার্চ শেষ হয়। ষষ্ঠ পর্যায়ে গত ২৩ মার্চ পুরুলিয়া জেলার জন্য ইন্টারভিউ শুরু হয়। কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ফলে এর মধ্যে আদৌ কাউন্সেলিং করা যায় কি না, তা নিয়েই কিছু প্রশ্ন উঠেছিল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।