
Job News: যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইলে চাকরির সুবর্ণ সুযোগ। চলতি বছরের 'গেট' পরীক্ষায় উত্তীর্ণরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। শিক্ষানবিশ নিয়োগ করবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। গেইলের বিভিন্ন বিভাগে চলবে কাজের প্রশিক্ষণ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল। আগ্রহী প্রার্থীরা শিক্ষানবিশ কাজের প্রশিক্ষণের জন্য অনলাইনেই আবেদন জানাতে পারবেন। অতি সম্প্রতি সংস্থার তরফে এই বার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, গেইলে কর্মী নিয়োগ করা হবে এগ্জিকিউটিভ ট্রেনি (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭০। তাঁরা সংস্থার কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রথমে তাঁদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ই-২ গ্রেড-এ উন্নীত করা হবে তাঁদের। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-
সংস্থার বিভিন্ন পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের চলতি বছরের গেট পরীক্ষায় পাস করা থাকলেই আবেদন জানানো যাবে। তবে নিয়োগ হবে গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। আগ্রহী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে স্নাতকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। এবং তাদের বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। আবেদনকারীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য সমস্ত ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ মার্চ।
কীভাবে প্রার্থী বাছাই হবে?
আবেদনকারীদের গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক পর্বে বাছাই হবে। তারপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপনে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। সংস্থায় আধিকারিক সহ বিভিন্ন পদ মর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।