Anik Dutta News: কেওড়াতলা মহাশ্মশানে বিশিষ্ট চিত্র পরিচালক অনীক দত্তর শেষকৃত্য সম্পন্ন হল (anik dutta news)। শেষযাত্রায় গান গাইলেন অনীকবাবুর নিজের মেয়ে। প্রথমে নন্দন এবং তারপর এনটিওয়ান স্টুডিওতে শায়িত রাখা হয় প্রয়াত পরিচালককে। তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ, জীতু কামাল, ঊষসী চক্রবর্তী এবং জিৎ সহ আরও অনেকে (anik dutta death)।
"মানসিকভাবে খুন করা হল মানুষটাকে"
উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও এবং টলিউডের বিশিষ্ট মানুষজন। তবে এইরকম একজন প্রবাদপ্রতিম পরিচালককে হারিয়ে রীতিমতো গর্জে উঠলেন অভিনেতা জীতু কামাল। প্রসঙ্গত, প্রয়াত চিত্র পরিচালক অনীক দত্তর নির্দেশনায় অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিত রায়কে সম্মান জানিয়ে তৈরি ‘অপরাজিত' সনেমার প্রধান ভূমিকায় অভিনয় করেন জীতু। তাছাড়া অনীকবাবুর সঙ্গে তাঁর সম্পর্কও বেশ গভীর ছিল।
এনটিওয়ান স্টুডিওর বাইরে দাঁড়িয়ে জীতু কামাল জানান, “মানসিকভাবে খুন করা হল এই মানুষটাকে। সামনে থেকে দেখেছি তো, কীভাবে ছবি আটকে দেওয়া হয়েছে! কীভাবে মানসিক অত্যাচার করা হয়েছে ওনার উপর। কোনও প্রযোজক এলে তাঁকে বলে দেওয়া হত, ওনার সঙ্গে যেন কাজ না করেন। ইন্ডাস্ট্রির অনেক মানুষ তৎকালীন সরকারকে খুশি করতে গিয়ে অনীকদার বিরুদ্ধে কথা বলতেন। সে অবশ্য আমার বিরুদ্ধেও বলেন। তাতে আমার কিছু যায়-আসে না।"
তিনি আরও যোগ করেন, “পাপ-পুণ্য সবকিছুর খতিয়ান দিয়ে সবশেষে সবাইকে এই শ্মশানেই আসতে হবে। তাই একটাই অনুরোধ করছি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। নতুন সরকারের কাছে আর্জি, ইন্ডাস্ট্রিতে যেন প্রতিহিংসা বন্ধ হয়! অনেকে এখন অনীকদার প্রশংসা করছেন। কিন্তু তারাই সমালোচনা করেছেন একদিন।"
উল্লেখ্য, অনীক দত্তর যে ছবিগুলি নন্দনে চলতে দেওয়া হয়নি, সেগুলো সব স্ক্রিনিং করানো হবে বলে জানিয়েছেন রুদ্রনীল ঘোষ। জীতু কামাল বলছেন, “সেটা হলে অন্তত ওপর থেকে দেখে উনি বলবেন, বিপ্লবের জয় হল। এই আশাতেই বুক বাঁধছি।" সূত্রের খবর, যে সমস্ত প্রযোজকরা উপরমহলের চাপের কারণে অনীক দত্তর সঙ্গে কাজ করতে পারেননি, তারা নাকি যোগাযোগও শুরু করেন কয়েকদিন আগে থেকে। এমনকি, ঘটনার একদিন আগেও জীতুর সঙ্গে ফোনে কথা হয় পরিচালকের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.