‘বিচ্ছেদ আমার কাছে মৃত্যুর মতো’, ইমরান খানের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন অবন্তিকা মালিক

Published : Oct 25, 2026, 02:46 PM IST
imran khan ex wife avantika malik

সংক্ষিপ্ত

১৮ বছরের সম্পর্ক ও আট বছরের দাম্পত্যের পর ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন অবন্তিকা মালিক।

দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক। একসঙ্গে বেড়ে ওঠা, জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, তার পরেও শেষরক্ষা হয়নি। আট বছরের দাম্পত্যের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন বলিউড অভিনেতা ইমরান খান ও তাঁর স্ত্রী অবন্তিকা মালিক। এবার সেই বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন ইমরানের প্রাক্তন স্ত্রী। জানালেন, সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত তাঁর কাছে কতটা কঠিন ছিল।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন অবন্তিকা। সেখানেই ইমরানের সঙ্গে সম্পর্কের শুরু থেকে বিচ্ছেদ পর্যন্ত নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। অবন্তিকা জানান, যখন ইমরানের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল, তখন দু’জনেরই বয়স ছিল মাত্র ১৯ বছর। বয়সে তরুণ থাকতেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে বড় হয়েছেন তাঁরা, জীবনের নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং মানসিকভাবেও অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন।

অবন্তিকার কথায়, “আমার আর ইমরানের যখন দেখা হয়, তখন আমাদের বয়স মাত্র ১৯ বছর। আমরা খুবই কমবয়সি ছিলাম। ১৮ বছর একসঙ্গে ছিলাম। আমরা একসঙ্গে বড় হয়েছি। নানা পরিস্থিতিতে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আবার মানসিকভাবেও নানা ধাক্কা খেয়েছি।”

সম্পর্কে দু’জনের কাছ থেকে প্রত্যাশা থাকলেও বাস্তবে সব সময় তা পূরণ হয়নি বলে জানান অবন্তিকা। তাঁর মতে, কাছের মানুষটি নিজের সুখের দিকে খেয়াল রাখবেন, এমনটাই প্রত্যাশা থাকে। কিন্তু বছরের পর বছর সেই প্রত্যাশা পূরণ না হলে সম্পর্কের উপর তার প্রভাব পড়ে। একসঙ্গে থাকার জন্য তাঁরা যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়।

তবে বিচ্ছেদের সিদ্ধান্ত যে তাঁর নিজের ছিল না, তা স্পষ্ট করে দিয়েছেন অবন্তিকা। ইমরান আলাদা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সম্পর্ক থেকে সরে আসতে হয়েছিল অবন্তিকাকে।

বিচ্ছেদের যন্ত্রণা বোঝাতে গিয়ে অবন্তিকা বলেন, “এই সিদ্ধান্ত আমার কাছে মৃত্যুর মতো। আপনি যেভাবে জীবন চালাচ্ছিলেন, যা ভাবছিলেন, তার মৃত্যু। আমার সবচেয়ে কাছের সম্পর্কের মৃত্যু।”

ইমরান ও অবন্তিকার একটি কন্যাসন্তান রয়েছে, ইমারা মালিক খান। বিচ্ছেদের সময় তাঁর বয়স ছিল মাত্র পাঁচ বছর। বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত মেয়ের জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ ছিল অবন্তিকার। বিচ্ছেদ তাঁকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল ঠিকই, তবে সময়ের সঙ্গে সেই পরিস্থিতি সামলে নিয়েছেন ইমারা। বর্তমানে মেয়েকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন অবন্তিকা।

সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন স্বামীকে নিয়ে তাঁর মনে তিক্ততা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন অবন্তিকা। বরং বর্তমানে ইমরানকে নিয়ে তিনি গর্বিত। দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ যে সহজ নয়, তাঁর কথাতেই তা স্পষ্ট। তবে জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে কীভাবে এগিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতাও ভাগ করে নিলেন তিনি।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Vijay Deverakonda: ডিভোর্সের পথে বিজয়-রশ্মিকা? ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো করায় জল্পনা তুঙ্গে
মুসলিম হয়েও সিঁথিতে সিঁদুর, উমাবরণ! ধর্ম নিয়ে কটাক্ষের জবাব দিলেন নুসরত জাহান