মুসলিম হয়েও সিঁথিতে সিঁদুর, উমাবরণ! ধর্ম নিয়ে কটাক্ষের জবাব দিলেন নুসরত জাহান

Published : Oct 24, 2026, 06:18 PM IST
Nusrat Jahan

সংক্ষিপ্ত

দশমীতে সিঁদুর খেলা ও দুর্গা মাকে বরণ করে ফের কটাক্ষের মুখে অভিনেত্রী নুসরত জাহান। মুসলিম হয়েও হিন্দু রীতিতে অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাব দিয়ে অভিনেত্রী জানান, তিনি বরাবরই সব ধর্মের উৎসব পালন করেন।

দশমীতে সিঁদুর খেলায় অংশ নেওয়া এবং দুর্গা মাকে বরণ করার পর ফের ধর্মীয় পরিচয় নিয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী নুসরত জাহান। তবে এবার আর নীরব থাকলেন না টলিউডের এই অভিনেত্রী। সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, উৎসব উদ্‌যাপন তাঁর ব্যক্তিগত পছন্দ। ধর্ম নিয়ে অন্যের কাছে তাঁকে কোনও জবাবদিহি করতে হবে না।

দশমীর দিন লাল পাড় সাদা শাড়িতে সেজে দুর্গা মাকে বরণ করতে দেখা যায় নুসরতকে। সিঁথিভরা সিঁদুর, কপালে লাল টিপ এবং হাতে শাঁখা-পলা—অভিনেত্রীর এই সাজ নজর কাড়ে অনুরাগীদের। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তাঁর সঙ্গী, অভিনেতা যশ দাশগুপ্ত। পরে সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন করে বিতর্ক। নুসরত মুসলিম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও কেন হিন্দু রীতিতে উমাবরণ করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন একাংশের নেটিজেন। তাঁর পোশাক ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে শুরু হয় নানা মন্তব্য। যদিও বিভিন্ন ধর্মের উৎসবে অংশ নেওয়ার জন্য এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসরত। তাঁর কথায়, “উৎসব তো সকলের। আমি চিরকাল সব উৎসব পালন করি।” অভিনেত্রী জানান, অনেকে তাঁর পদবি উল্লেখ করে প্রশ্ন তুললেও তিনি এতদিন কাউকে জবাব দেননি। নুসরতের মতে, অন্য ধর্মের মানুষ হয়েও যাঁরা নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে দেবীর আরাধনা করেন কিংবা সিঁদুর খেলায় অংশ নেন, তাঁদেরও নিজেদের পছন্দের জন্য কারও কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। কারণ, ধর্মীয় আচার পালন করা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়।

সমাজমাধ্যমে তাঁর পোস্টের মন্তব্য বিভাগেও নানা ধরনের সমালোচনা দেখতে পান অভিনেত্রী। সেই প্রসঙ্গে নুসরত বলেন, যাঁরা নিজেদের ধর্ম সম্পর্কে সব জানেন বলে মনে করেন, তাঁদের তুলনায় তিনি কিছুটা হলেও বেশি জানেন। সমালোচকদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনিও ভাল থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।” নুসরত জাহান বরাবরই বিভিন্ন ধর্মের উৎসবে অংশ নিয়ে এসেছেন। দুর্গাপুজো থেকে শুরু করে জন্মাষ্টমী, শিবরাত্রি ও দীপাবলি—বিভিন্ন উৎসব উদ্‌যাপনের মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমেও। তবে তাঁর এই জীবনযাপন নিয়ে যেমন প্রশংসা এসেছে, তেমনই বারবার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

তবুও সমালোচনায় নিজের সিদ্ধান্ত বদলাতে নারাজ অভিনেত্রী। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত বিশ্বাস, ভালোবাসা ও উৎসব উদ্‌যাপনের স্বাধীনতাকেই যে তিনি গুরুত্ব দেন, ফের একবার নিজের বক্তব্যে তা বুঝিয়ে দিলেন নুসরত।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ramayana: ৪ হাজার কোটির রামায়ণের অগ্রিম বুকিং নিয়ে বড় আপডেট! মুক্তির আগেই বক্স অফিসে বড় ইঙ্গিত
Jailer 2 Box Office: ৯ দিনে ৫টা বড় রেকর্ড ভাঙল 'জেলার ২', সলমন-প্রভাসের ছবিও সাইডলাইন!