
‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) ঘিরে ফের বাড়ছে উত্তেজনা। রবিবারই শো থেকে বিদায় নিয়েছেন অনুষ্কা। তার পরেই প্রকাশ্যে এসেছে সোমবারের নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখেই প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মনেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে কি সপ্তাহের মাঝেই ফের কাউকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? নাকি অপেক্ষা করছে অন্য কোনও বড় চমক?
সোমবারের পর্বের ঝলকে ‘বিগ বসে’র গলায় শোনা যায়, জীবনের প্রতিটি অধ্যায়ের সমাপ্তি যে নিজের ইচ্ছেমতো হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতিই থামতে বাধ্য করে। এমন সিদ্ধান্ত নেওয়া ‘বিগ বসে’র কাছেও সহজ নয়। এই বক্তব্যের মধ্যেই ঝিলমের নাম উল্লেখ করতে শোনা যায় তাঁকে। ফলে প্রোমো ঘিরে জল্পনা আরও বেড়েছে।
কনফেশন রুমে জীতু ও ভরত, আবেগঘন মুহূর্ত বাড়িতে প্রোমোয় দেখা যায়, ভরত কল এবং জীতু কামালকে কনফেশন রুমে ডেকে পাঠানো হয়েছে। সেখান থেকে ড্রয়িং রুমে ফিরে এসে বাড়ির অন্য সদস্যদের জড়িয়ে ধরেন জীতু। সেই সময় অনেকের চোখেই জল দেখা যায়। এমনকি দুর্নিবারের সঙ্গে জীতুর সম্পর্ক খুব একটা ভালো না হলেও তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। দুর্নিবারকেও কাঁদতে দেখা যায়।
এই দৃশ্য দেখে দর্শকদের একাংশের মনে প্রশ্ন উঠেছে, তবে কি বাড়ির কোনও সদস্যের বিদায়ের খবর আসতে চলেছে? নাকি প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছে আবেগঘন কোনও কঠিন সিদ্ধান্ত? হিন্দি ‘বিগ বস’-এ সপ্তাহের মাঝখানে এভিকশন নতুন ঘটনা নয়। তাই ‘বিগ বস বাংলা’তেও সোমবার কাউকে বাদ দেওয়া হতে পারে বলে অনুমান করছেন অনেকে। যদিও অন্য একাংশের মতে, দর্শকদের কৌতূহল বাড়াতেই এমন প্রোমো প্রকাশ করা হয়েছে। এর পিছনে থাকতে পারে নতুন কোনও টাস্ক বা অপ্রত্যাশিত মোড়।
তার উপর চলতি সপ্তাহে ক্যাপ্টেন্সির জন্য মনোনীত হয়েছেন জীতু কামাল। ফলে তাঁর ভূমিকা ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল। নতুন কোনও সিদ্ধান্ত বা টাস্কে কি বদলে যাবে বাড়ির সমীকরণ? তবে শেষ পর্যন্ত কী ঘটবে, তা জানতে অপেক্ষা করতে হবে সোমবারের পর্বের জন্য। আপাতত নতুন প্রোমো ঘিরে ‘বিগ বস বাংলা’র দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। এভিকশন হোক বা নতুন কোনও টাস্ক—সোমবারের পর্বে যে চমক থাকতে পারে, সেই আশাতেই এখন চোখ দর্শকদের।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.