গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইনি বিপাকে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আপত্তি জানিয়েছেন এক ব্যক্তি।
গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইনি বিপাকে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আপত্তি জানিয়েছেন এক ব্যক্তি। অভিযোগ, ওই পোস্টে এমন কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা জনসাধারণের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে এবং শান্তি বিঘ্নিত করতে পারে।
কেন কঙ্গনা রানাউতের বিরুদ্ধে FIR?
১৩ নভেম্বর শুক্রবার শিমলার বয়লিয়াগঞ্জ থানায় কঙ্গনা রানাউতের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। অভিযোগকারীর দাবি, ১০ নভেম্বর কঙ্গনার ভেরিফায়েড X অ্যাকাউন্ট থেকে গান্ধী পরিবারকে নিয়ে কয়েকটি পোস্ট করা হয়েছিল। সেখানে ইন্দিরা গান্ধী, তাঁর দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে আপত্তিকর ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগপত্রে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী সম্পর্কেও কঙ্গনার পোস্টের উল্লেখ রয়েছে। অভিযোগ, তাঁকে 'Mysterious Foreign National' বলে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি গান্ধী পরিবারের একের পর এক সদস্যের মৃত্যুর পর সনিয়া গান্ধীর রাজনৈতিক উত্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল। এছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তাঁর স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়ার প্রসঙ্গও ওই পোস্টে তোলা হয়েছিল বলে অভিযোগকারীর দাবি।
কোন কোন ধারায় মামলা?
ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর তিনটি ধারায় মামলা দায়ের হয়েছে। ধারা ১৯৬: বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। ধারা ৩৫৩: জনমনে আতঙ্ক বা অশান্তি তৈরি করতে পারে এমন বক্তব্য বা তথ্য প্রচার সংক্রান্ত অপরাধ। ধারা ৩৫৬: মানহানি সংক্রান্ত অপরাধ। শিমলার পুলিশ সুপার গৌরব সিং FIR দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কে অভিযোগ দায়ের করলেন?
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা ১২ নভেম্বর হিমাচল প্রদেশের ডিজিপির কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান। তিনি কঙ্গনার পোস্টগুলির ডিজিটাল উৎস ও সত্যতা যাচাইয়ের জন্য সাইবার ফরেনসিক তদন্তেরও দাবি করেন। এরপরই পুলিশ মামলা দায়ের করে।














