তেলুগু সিনেমা জগতের এক নক্ষত্র পতন। অভিনেতা, পরিচালক এবং প্রযোজক হিসেবে বিখ্যাত গিরি বাবু ৮০ বছর বয়সে হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
শনিবার ৮০ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা গিরি বাবু। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। তাঁর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির (ওয়াইএসআরসিপি) সভাপতি এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর বাবার সঙ্গে অভিনেতার বন্ধুত্বের কথা এবং তেলুগু সিনেমায় তাঁর অবদানের কথা স্মরণ করেছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রেড্ডি জানিয়েছেন, গিরি বাবু তাঁর বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাঁর দলের একজন সক্রিয় সদস্যও ছিলেন।
অভিনেতা এবং পরিচালক হিসেবে তাঁর কাজের প্রশংসাও করেন তিনি। রেড্ডি লিখেছেন, "আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের দলের একজন সক্রিয় সদস্য গিরিবাবু গারুর মৃত্যুর খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। নিজের স্বকীয় অভিনয়ের মাধ্যমে তিনি অনেক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন এবং তেলুগু দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছিলেন।
১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রবিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। ১৯৭৩ সালে 'জাগামে মায়া' ছবির মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক হয়। প্রথমে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরে তিনি হিরো এবং চরিত্রাভিনেতা সহ বিভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি গিরি বাবু প্রযোজক এবং পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি 'সিংহ গর্জন', 'মেরুপুদাডি' এবং 'ইন্দ্রজিৎ'-এর মতো সিনেমা প্রযোজনা করেছেন।
পরিচালক হিসেবে তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলি হল 'রানারঙ্গম', 'ইন্দ্রজিৎ' এবং 'নি সুখামে নে কোরুকুন্না'। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের তেলুগু ছবি 'আন্নি মাঞ্চি সাকুনামুলে'-তে। ব্যক্তিগত জীবনে গিরি বাবু ২০১৬ সালে তাঁর স্ত্রীকে হারান। তাঁর দুই ছেলে রয়েছে— বোস বাবু এবং জনপ্রিয় তেলুগু অভিনেতা ও কমেডিয়ান রঘু বাবু। (এএনআই)












