
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে চিরকালের জন্য ভেঙে গেল 'চিরদিনই তুমি যে আমার' জুটি। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল। পল্লীশ্রীতে অভিনেতার বাড়িতে পৌঁছেছেন স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। অভিনেতা রেখে গেলেন তাঁর মা , স্ত্রী আর সন্তান সহজকে।
খেলা নামের একটি টিভি সিরিয়ালে প্রথম অভিনয় করেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তারপরই তাঁরা কাজ করেন রাজ চক্রবর্তীর ছবি 'চিরদিনই তুমি যে আমার'। ২০০৮ সাল থেকেই তাঁদের সম্পর্ক। প্রায় ২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পরে রাহুল-প্রিয়াঙ্কা বিয়ে করেন। অভিনেতা নিজের বই 'রাহুলের স্ক্র্যাপবুক'-এ তাদের সম্পর্কের কথা খোলাখুলি লিখেছেন। তিনি জানিয়েছেন, ছবির শ্যুটিং-এই প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম হয় তাঁর। তারপর টানা ২ বছর লিভ-ইন। তারপরে বিয়ে। তিনি লিখেছেন, 'নভেম্বর-এর ১৮ তারিখে আমাদের বিয়ের দিন ঠিক হল। তারপরে আমরা দুজনেই লেগে পড়লাম কাজে। কারণ সেভাবে আমাদের সাহায্য করার জন্য কেউ ছিল না।' তিনি আরও লিখেছেন, কলকাতায় খবরটা ছড়িয়ে পড়ে। তারপর একটি সংবাদ মাধ্যম থেকে তাদের বিয়ের লাইভ কভারেজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমে না বলেছিলেন। তারপরে রাজি হন। তিনি আরও লিখেছিলেন, 'প্রথমে না না করলেও অভিষেক-ঐশ্বর্যর বিয়ের উদাহরণ টেনে এমন ঘাঁটলেন যে আমি এলোমেলো হয়ে গেলেম। ভুলেই গেলাম অভিষেকের বাবা আর আমার বাবা একরকম নয়।'
প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর দাম্পত্য জীবন মোটেও সহজ-সরল ছিল না। অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে তাঁদের। সব পেরিয়ে বছর খানেক একই সঙ্গে থাকতে শুরু করেছিলেন তাঁরা। ২০১০-এ বিয়ে হলেও ২০১৭তে আইনি বিচ্ছেদ হয়। তারপর ২০২৩ থেকে আবারও একসঙ্গে থাকতে শুরু করেন। কারণ দুজনেই জানিয়েছিলেন ছেলে সহজের জন্য তারা সব পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছেন। কিন্তু সেখানেও ছন্দপতন। এবার চিরকালের জন্যই ভেঙে গেল তাদের জুটি। স্ত্রী-সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.