
Ramakant Daayama Passed Away: প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রমাকান্ত দয়ামা (Ramakant Daayama)। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নেমে এল শোকের ছায়া। সিনেমাপ্রেমীদের কাছে রামাকান্ত দায়ামা সবচেয়ে বেশি পরিচিত শাহরুখ খান অভিনীত 'চক দে ইন্ডিয়া' (Chak De! India) ছবির জন্য। এই জনপ্রিয় ছবিতে তিনি ভারতীয় হকি অ্যাসোসিয়েশনের এক সদস্যের ভূমিকায় অভিনয় ছিলেন। বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি।
নতুন প্রজন্মের দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত সোনি লিভ অ্যাপের জনপ্রিয় ওয়েব সিরিজ স্ক্যাম ১৯৯২:দ্য হর্ষদ মেহতা স্টোরি (Scam 1992: The Harshad Mehta Story)-তে তাঁর অভিনয়ের জন্য। সেখানে তিনি অভিনয় করেছিলেন শেয়ার বাজার কেলেঙ্কারির কেন্দ্রীয় চরিত্র হর্ষদ মেহতার বাবার ভূমিকায়। তাঁর সংযত ও বাস্তবসম্মত অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
শুধু সিনেমা বা ওয়েব সিরিজ নয়, বহু জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও দেখা গিয়েছে রামাকান্ত দায়ামাকে। এছাড়াও বিজ্ঞাপনের জগতেও তিনি পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে একটি জনপ্রিয় চুইংগামের বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল। অভিনয় জীবনে ধনক এবং পা–র মতো ছবিতেও কাজ করেছেন তিনি।
অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকবার্তা জানাতে শুরু করেছেন সহকর্মী ও অনুরাগীরা। বিনোদন জগতের একাংশের মতে, রামাকান্ত দায়ামা হয়তো সবসময় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না, কিন্তু তাঁর উপস্থিতি প্রতিটি চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছে। বহু দশকের অভিনয়জীবনে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য এবং বহুমুখী চরিত্রাভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় বিনোদন জগত হারাল আরও এক অভিজ্ঞ শিল্পীকে। দর্শকদের মনে তাঁর অভিনীত চরিত্র ও মুহূর্তগুলি থেকে যাবে দীর্ঘদিন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.