
রণবীর সিংহ এখন সাফল্যের শিখরে। একের পর এক ছবির বক্সঅফিস সাফল্যে বলিউডে তাঁর অবস্থান আরও মজবুত হয়েছে। বিশেষ করে ধুরন্ধর এবং ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর সাফল্যের পর অভিনেতাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এই সাফল্যের মাঝেই বড় বিতর্কে জড়ালেন রণবীর। অভিযোগ, ফরহান আখতার পরিচালিত ডন ৩ ছবির চুক্তিতে সই করার পরেও হঠাৎ সেই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি তাঁকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় ।
কী এই FWICE?
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় বা FWICE হল ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অন্যতম বৃহৎ কর্মী সংগঠন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার প্রধান কার্যালয় মুম্বইয়ে। জানা যায়, প্রায় পাঁচ লক্ষেরও বেশি কর্মী ও টেকনিশিয়ান এই সংগঠনের সঙ্গে যুক্ত।
এই সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছেন—
স্পটবয়, লাইটম্যান,
মেকআপ আর্টিস্ট
স্টান্ট পারফর্মার
নৃত্যশিল্পী
সম্পাদক
সহকারী পরিচালক
চিত্রগ্রাহক
পোশাকশিল্পী
জুনিয়র আর্টিস্ট-সহ বহু কলাকুশলী
মূলত কর্মীদের অধিকার রক্ষা, পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা সমাধান এবং কাজের পরিবেশ সুরক্ষিত রাখাই এই সংগঠনের প্রধান কাজ।
কেন ‘নিষিদ্ধ’ হলেন রণবীর?
খবর অনুযায়ী, ২০২৩ সালে ঘোষণা হয়েছিল যে Don 3-এ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর। কিন্তু শুটিং শুরুর আগেই তিনি নাকি ছবিটি থেকে বেরিয়ে যান। অভিযোগ, ততদিনে প্রযোজনা সংস্থা Excel Entertainment প্রায় ৪৫ কোটি টাকা খরচ করে ফেলেছিল।
এরপরেই প্রযোজনা সংস্থা FWICE-এর দ্বারস্থ হয়। সংস্থার অভিযোগ, সমস্যা মেটাতে রণবীর কোনও সহযোগিতা করেননি। সেই কারণেই FWICE গোটা ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেছে, যেন কেউ অভিনেতার সঙ্গে কাজ না করেন।
এই ‘ব্যান’ কি সত্যিই ভয়ংকর?
প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞার ফলে কি সত্যিই রণবীরের কেরিয়ার থমকে যেতে পারে?
বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। কারণ FWICE কোনও সরকারি সংস্থা নয়। ফলে আইনত রণবীরের উপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। তিনি চাইলে কাজ চালিয়ে যেতে পারবেন।
তবে সমস্যার জায়গা অন্যত্র। বলিউডে একটি ছবি তৈরির ক্ষেত্রে বিপুল সংখ্যক টেকনিশিয়ান ও কর্মীর প্রয়োজন হয়। যদি FWICE-এর সদস্যরা কোনও ছবিতে কাজ করতে অস্বীকার করেন, তাহলে শুটিং ব্যাহত হতে পারে। ফলে ভবিষ্যতে রণবীরের ছবির কাজ দেরি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
অন্যদিকে, বলিউডের বহু জনপ্রিয় অভিনেতা সরাসরি FWICE-এর সদস্য নন। তাঁরা যুক্ত থাকেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোশিয়েশন (Cine and TV Artists Association)-এর সঙ্গে। তাই শুধুমাত্র FWICE-এর সিদ্ধান্তেই কোনও অভিনেতার কেরিয়ার পুরোপুরি বন্ধ হয়ে যায় না।
এই বিতর্কের মাঝেই মঙ্গলবার কর্নাটকের চামুণ্ডেশ্বরী মন্দিরে-এ পুজো দিতে দেখা যায় রণবীরকে। সম্প্রতি কর্নাটকের দেবদেবীদের অপমান করার অভিযোগ থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি। অনেকের মতে, সেই কারণেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা।
তবে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে এই ‘নিষিদ্ধ’ হওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি রণবীর। পরে তাঁর মুখপাত্র জানান, অভিনেতা ইচ্ছাকৃত ভাবেই নীরব রয়েছেন। কারণ তিনি মনে করেন, পেশাগত আলোচনা পারস্পরিক সম্মান বজায় রেখেই হওয়া উচিত।
দুই ভাগে বিভক্ত অনুরাগীরা। এই বিতর্কে ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত নেটমাধ্যম। একদল অনুরাগীর দাবি, রণবীরের সাম্প্রতিক সাফল্যই তাঁর বিরুদ্ধে এই চাপ তৈরি করেছে। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, কোনও অভিনেতা চুক্তিবদ্ধ হওয়ার পর হঠাৎ ছবি ছেড়ে দিলে প্রযোজকদের বড় ক্ষতির মুখে পড়তে হয়। তাই ক্ষতিপূরণ দাবি অস্বাভাবিক নয়। এখন দেখার, রণবীর ও প্রযোজনা সংস্থার মধ্যে সমঝোতা হয় কি না। কারণ সেই সমাধানের উপরই নির্ভর করছে এই ‘নিষিদ্ধ’ বিতর্কের ভবিষ্যৎ।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.