
ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে রণবীর সিং সরে দাঁড়ানোকে কেন্দ্র করে বলিউডে জোর চর্চা শুরু হয়েছে। খবর, ছবির কাজ শুরুর পর মাঝপথে সরে যাওয়ায় নির্মাতারা নাকি তাঁর কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। প্রযোজনা সংস্থার অভিযোগ, রণবীরের সম্মতি নিয়েই ছবির প্রস্তুতি শুরু হয়েছিল। পরে তিনি সিদ্ধান্ত বদল করায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। যদিও এই অভিযোগ মানতে নারাজ রণবীর। সম্প্রতি নির্মাতাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও আর্থিক ক্ষতির দায় তাঁর নয়।
অভিনেতার দাবি, ‘ডন ৩’-এর জন্য তিনি প্রযোজকদের কাছ থেকে এক টাকাও নেননি। তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গই ওঠে না। রণবীর আরও জানান, সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘বৈজু বাওরা’ ছবির জন্য তিনি দীর্ঘ সময় বরাদ্দ রেখেছিলেন। ছবিটি এখনও শুরু না হলেও, সেখান থেকেও তিনি কোনও পারিশ্রমিক নেননি বলে দাবি করেন। সূত্রের মতে, রণবীরের বক্তব্য স্পষ্ট—যেখানে আর্থিক লেনদেন হয়নি, সেখানে ক্ষতিপূরণের প্রশ্নও অযৌক্তিক।
প্রসঙ্গত, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই ‘ডন ৩’ থেকে তাঁর সরে যাওয়ার জল্পনা জোরদার হয়। শোনা যায়, চিত্রনাট্য নিয়ে সৃজনশীল মতভেদের কারণেই তিনি ছবিটি ছাড়েন। রণবীর নাকি একাধিকবার চিত্রনাট্যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে প্রযোজকদের দাবি, প্রথমে চূড়ান্ত হওয়া স্ক্রিপ্টে সম্মতি দিয়েই কাজ শুরু হয়েছিল। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি রণবীর সিংহ। ফলে বিতর্ক আপাতত জল্পনার পর্যায়েই রয়ে গেছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.