এই ভবিষ্যৎ-থিমের বাড়িটি রবার্ট ডাউনি জুনিয়র এবং তাঁর স্ত্রী সুজান ডাউনির বিশাল মালিবু এস্টেটে অবস্থিত।
চারকোনা ঘর, কাঁচের দেওয়াল বা ঝাঁ-চকচকে ডিজাইনের গতানুগতিক লাক্সারি ম্যানশনের মতো এটা নয়। এর চরিত্রটাই আলাদা। বাইরে থেকে দেখলে মনে হবে, ক্যালিফোর্নিয়ার মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে বিশাল এক কংক্রিটের খোলস।
প্রায় ৬,৫০০ বর্গফুটের এই বাড়িটি কিন্তু দম্পতির মূল বাসস্থান নয়। বরং, অতিথিদের মনোরঞ্জন এবং মূল বাড়ি থেকে দূরে কিছুটা ব্যক্তিগত সময় কাটানোর জন্য এটি তৈরি করা হয়েছে।
আর পাঁচটা সেলেব্রিটি গেস্টহাউসের মতো নয়, এটা দেখলে মনে হবে যেন টনি স্টার্ক নিজেই এখানে থাকেন।
এক আশ্চর্য কৌশলে তৈরি এই বাড়ি
মালিবুর এই গম্বুজাকার বাড়িটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এর নির্মাণ কৌশলের জন্য।
এটি 'বিনিশেল' (Binishell) আর্কিটেকচারাল সিস্টেম ব্যবহার করে তৈরি। এই পদ্ধতির আবিষ্কারক ইতালীয় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার দান্তে বিনি। এই কৌশলে, প্রথমে একটি বেলুনের মতো ফোলানো যায় এমন কাঠামো ব্যবহার করে বাড়ির বাঁকানো আকৃতি দেওয়া হয়, তারপর কংক্রিটের কাজ শেষ করা হয়।
রবার্ট ডাউনি জুনিয়রের এই অদ্ভুত বাড়িটি এই স্থাপত্য ধারণার আধুনিক সংস্করণ ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। এর ফলে, প্রচলিত কোণ বা সোজা দেওয়ালের পরিবর্তে, একটি পাতলা কংক্রিটের কাঠামো তৈরি হয়েছে যা দেখতে একেবারে প্রাকৃতিক।
হলিউডের বড় তারকাদের বিশাল বিলাসবহুল বাড়িগুলোর থেকে এটি তাই সম্পূর্ণ আলাদা।
ভেতরে নেই কোনও সোজা লাইন
বাড়ির ভেতরের ডিজাইনও ঠিক ততটাই অদ্ভুত।
সাধারণত বাড়ি তৈরি হয় সোজা দেওয়াল, চারকোনা ঘর আর ধারালো কোণ দিয়ে। কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রের এই গম্বুজ বাড়িতে সেই ধারণাকেই পাল্টে দেওয়া হয়েছে।
বাড়ির ভেতরে রয়েছে বাঁকানো দেওয়াল, গোলাকার ঘর এবং প্রাকৃতিক আকারের খোলা জায়গা। এই অদ্ভুত জ্যামিতির কারণে, বাড়ির অন্দরসজ্জা এবং আসবাবপত্র ডিজাইন করাও ছিল একটা বড় চ্যালেঞ্জ।
যদিও দেখতে এটি ভবিষ্যতের কোনও বাড়ির মতো, তবে এটিকে একটি কার্যকরী এবং আরামদায়ক থাকার জায়গা হিসেবেই তৈরি করা হয়েছে।
এই 'ক্লাবহাউস'-এ নাকি অতিথিদের জন্য একাধিক ঘর, একটি রান্নাঘর ও ডাইনিং এরিয়া, বিনোদনের জায়গা এবং এমনকি একটি ব্যক্তিগত স্ক্রিনিং রুমও রয়েছে।
শোনা যায়, বাড়ির অন্যতম আকর্ষণীয় জিনিস হলো প্রবেশপথের কাছে রাখা একটি বিশাল সল্টওয়াটার অ্যাকোয়ারিয়াম।