রবিবাসরীয় সকালে কোল আলো হল সোহিনী-শোভনের! নতুন অতিথি আসার খবর জানালেন যৌথ বিবৃতিতে

Published : Sep 20, 2026, 01:45 PM IST
sohini sarkar

সংক্ষিপ্ত

রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যৌথ বিবৃতিতে এই সুখবর জানিয়েছেন তিনি। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

টলিউডে এল সুখবর। দুই থেকে তিন হলেন অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। দীর্ঘ প্রায় ন’মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে খবর।

রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ সোহিনী ও শোভনের সন্তান ভূমিষ্ঠ হয়। পুত্রসন্তান আসার খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছে দুই পরিবার। অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারকা দম্পতিকে।

সন্তান জন্মের পর সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সুখবর ভাগ করে নিয়েছেন সোহিনী ও শোভন। তাঁরা লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/০৯/২০২৬।” এই পোস্টের মাধ্যমেই তাঁরা জানিয়ে দিয়েছেন, তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান।

গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন বাবা-মা হতে চলার সুখবর দিয়েছিলেন সোহিনী ও শোভন। বেবি বাম্প আগলে শোভনের সঙ্গে অভিনেত্রীর একাধিক আদুরে ছবি মুহূর্তেই নজর কেড়েছিল। সেই সময় থেকেই তাঁদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নতুন অতিথির আগমনের জন্য।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন সোহিনী। সিনেমা-সিরিজের কাজ থেকে শুরু করে প্রচার—সবেতেই সক্রিয় ছিলেন তিনি। মানসী সিনহা পরিচালিত ‘বেগুনি রঙের আলো’ ছবির প্রচারে এসে মাতৃত্বের অভিজ্ঞতা এবং এই বিশেষ সময়ের নানা অনুভূতির কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।

শুধু তাই নয়, বেলুড়ে শ্বশুরবাড়িতে সোহিনীর সাধভক্ষণের অনুষ্ঠানও হয়েছিল বেশ ঘটা করে। সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। বিয়ের পর তাঁদের জীবনে এই নতুন অধ্যায় নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

সন্তানের নাম নিয়েও আগেই মজার কথা জানিয়েছিলেন সোহিনী। ছেলে হলে শোভন তাঁদের সন্তানকে আদর করে ‘টুল’ বলে ডাকতে চান—সেই ইচ্ছের কথাও প্রকাশ্যে এসেছিল। অবশেষে পুত্রসন্তানের বাবা হলেন শোভন, আর শোভনের সেই বহুদিনের ইচ্ছেও যেন পূরণ হল।

দীর্ঘ অপেক্ষার পর রবিবার তাঁদের ঘরে এল নতুন সদস্য। সোহিনী-শোভনের ‘বীরপুরুষ’-কে ঘিরে এখন খুশির হাওয়া গোটা পরিবারে। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। টলিউডের এই নতুন বাবা-মাকে ভালোবাসা ও আশীর্বাদ জানাচ্ছেন অনুরাগীরা।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss 20: শার্ট খুলে সলমনের জবাব! 'ভণ্ড' বলে তোপ সোফিয়ার, কেলেঙ্কারি কাণ্ড বিগ বসে
Deepika Padukone: দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা! রণবীরের পুত্র হল না কি কন্যা?