
উত্তরপ্রদেশের আগ্রার এক পরিবার তাদের হারিয়ে যাওয়া পোষা টিয়াকে খুঁজতে রীতিমতো শহরজুড়ে তোলপাড় শুরু করেছে। শুধু তাই নয়, তারা ঘোষণা করেছে যে পাখিটিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে বা তার সম্পর্কে সঠিক খবর দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
এই হারানো টিয়াটির নাম 'মাউ'। তার মালিক হলেন আয়কর আইনজীবী সুনীল কুমার সিংয়ের পরিবার। মাউকে খুঁজে বের করার জন্য তারা আগ্রার বোডলা চৌরাস্তার মতো বিভিন্ন জায়গায় বড় বড় ফ্লেক্স পোস্টার লাগিয়েছে। পোস্টারে মাউয়ের ছবি দিয়ে ৫০,০০০ টাকা পুরস্কারের কথাও লেখা আছে।
সুনীল কুমার সিং জানান, ২০২৫ সালের ১৫ মার্চ তারা প্রথম মাউকে দেখেন। মেন্টাল হসপিটাল এলাকার কাছে একটি রাস্তায় পাখিটি আহত অবস্থায় পড়েছিল, সম্ভবত গাছ থেকে পড়ে গিয়েছিল।
চিকিৎসা করানোর পরেও পাখিটির ডানা পুরোপুরি সারেনি। পরিবারটি তাকে ফেলে না দিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে এবং যত্ন করতে শুরু করে। ধীরে ধীরে মাউ বাড়ির পোষ্য না, বরং পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে ওঠে। বাড়িতে থাকলেও তাকে কখনও খাঁচায় বন্দি করে রাখা হয়নি। মাউ বাড়ির মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াত এবং পরিবারের সদস্যদের সঙ্গে এক ঘর থেকে অন্য ঘরে যেত। কিন্তু গত ১৩ জুলাই বিকেল সাড়ে চারটের দিকে আবাস বিকাশ কলোনির সেক্টর ৪ থেকে পাখিটি হঠাৎই উড়ে যায়, তারপর থেকে আর ফেরেনি।
পরিবারটি জানিয়েছে, মাউকে চেনার একটা সহজ উপায় আছে। তার ডানা আর ঠোঁটে কালো দাগ রয়েছে। মাউয়ের নিখোঁজ হওয়ার পোস্টার এখন আগ্রার স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, ফলে শুধু রাস্তায় নয়, ইন্টারনেটেও খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে।
An Agra family announced a ₹50,000 reward to find their missing pet parrot Mau. pic.twitter.com/IXOuE8xnIv
— News Arena India (@NewsArenaIndia) July 18, 2026
সুনীল কুমার সিং দুঃখ করে বলেন, মাউ শুধু একটা পোষ্য ছিল না, তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। সে চলে যাওয়ার পর থেকে বাড়িটা একদম ফাঁকা লাগছে। তিনি আরও জানান, টিয়াটি পরিবারের সদস্যদের নাম শিখে গিয়েছিল এবং বাড়িতে অতিথি এলে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মতো করে ডাকত।
An Agra family announced a ₹50,000 reward to find their missing pet parrot Mau. pic.twitter.com/IXOuE8xnIv
— News Arena India (@NewsArenaIndia) July 18, 2026
পরিবারটি আবেদন জানিয়েছে, যদি কেউ মাউকে দেখতে পান বা তার সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য দিতে পারেন, তাহলে যেন অবশ্যই যোগাযোগ করেন। তারা আবারও মনে করিয়ে দিয়েছে যে, যে ব্যক্তি তাদের প্রিয় টিয়াকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করবে, তাকে প্রতিশ্রুত ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।