
কেন্দ্র ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতের নাম ঘোষণা করেছে। বর্তমানে তিনি বায়ুসেনার ভাইস চিফ পদে রয়েছেন। আগামী ৩১ অক্টোবর বিকেল থেকে তিনি এয়ার চিফ মার্শাল র্যাঙ্কে বায়ুসেনার ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং ৩১ অক্টোবর অবসর নিচ্ছেন। তাঁর অবসরের পরই আশুতোষ দীক্ষিত এই পদে বসবেন।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এলসিএ তেজস এবং অন্যান্য যুদ্ধবিমানের প্রজেক্টে তাঁর বড় ভূমিকা রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে সরকারের 'আত্মনির্ভরতা' উদ্যোগকে তিনি আরও মজবুত করবেন বলেই মনে করা হচ্ছে। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেন এয়ার মার্শাল দীক্ষিত। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, বাংলাদেশের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী। তাঁর ৩৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নিজের দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। কমান্ডিং অফিসার হিসেবে তিনি ৯ নম্বর স্কোয়াড্রনকে মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে নতুন করে সাজিয়ে তোলেন। পরে ওয়েস্টার্ন সেক্টরে একটি ফ্রন্টলাইন ফাইটার এয়ার বেস এবং সাদার্ন সেক্টরে একটি প্রিমিয়ার ফাইটার ট্রেনিং বেসেরও নেতৃত্ব দেন তিনি। এরপর তিনি সাদার্ন এয়ার কমান্ডের এয়ার ডিফেন্স কমান্ডার হিসেবে কাজ করেন। পাশাপাশি বায়ু ভবনে (এয়ার হেডকোয়ার্টার্স) অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (প্রজেক্টস) এবং অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (প্ল্যানস) পদের দায়িত্বও সামলেছেন।
দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। ২০০৬ সালে তিনি 'বায়ুসেনা মেডেল', ২০১১ সালে 'বিশিষ্ট সেবা মেডেল', ২০২৩ সালে 'অতি বিশিষ্ট সেবা মেডেল' এবং ২০২৬ সালে 'পরম বিশিষ্ট সেবা মেডেল' পেয়েছেন।