'তৃণমূল সাম্প্রদায়িক হয়ে উঠেছে'! ঘাসফুলে ফের ভাঙন ধরালেন অভিজিৎ মজুমদার

Published : May 30, 2026, 03:50 PM IST
Assam TMC Chief Abhijit Majumdar Resigns Accusing Party of Chasing Muslim Votes

সংক্ষিপ্ত

Assam TMC: 'দলটা এখন মুসলিম ভোটব্যাঙ্কের পিছনে ছুটছে', বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগ করলেন অভিজিৎ মজুমদার। তিনি অভিযোগ করেন তৃণমূল দলটা ধীরে ধীরে সাম্প্রদায়িক হয়ে উঠেছে। তিনি দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করার কথাও বলেন। 

যদি দিন যাচ্ছে ততই ফিকে হচ্ছে ঘাসফুলের রং। এবার আরও এক তৃণমূল নেতা দল ছাড়লেন। তবে তিনি বঙ্গের নয়, অসমের। তৃণমূল কংগ্রেসের অসম শাখার প্রধান অভিজিৎ মজুমদার দল থেকে পদত্যাগ করেছেন। তাঁর অভিযোগ, দল এখন তার আদর্শ থেকে সরে গিয়ে শুধু মুসলিম ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। প্রায় দুই দশক ধরে দলের সঙ্গে যুক্ত থাকা অভিজিৎ জানিয়েছেন, একজন হিন্দু বাঙালি নেতা হিসেবে তাঁর সম্প্রদায়ের স্বার্থরক্ষা করতে না পারায় তিনি পদত্যাগ করছেন।

অসমের প্রধান অভিজিৎ মজুমদার

তৃণমূল কংগ্রেসের অসম শাখার প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ মজুমদার। তাঁর বিস্ফোরক অভিযোগ, দলটা এখন "আদর্শ হারিয়ে ফেলেছে" এবং "সব সম্প্রদায়ের পাশে না দাঁড়িয়ে শুধুমাত্র মুসলিম ভোটব্যাঙ্কের পিছনে ছুটছে"।

শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন অভিজিৎ। তিনি জানান, অসমে দলের একেবারে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে তিনি একজন এবং গত কুড়ি বছরেরও বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন।

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন!

অভিজিৎ বলেন, "আমি অসমে তৃণমূলের সঙ্গে একেবারে শুরু থেকে ছিলাম, কুড়ি বছরেরও বেশি। আমি এখানকার প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। অসমে তৃণমূলকে আমিই বড় করেছি। কিন্তু আজ বলতেই হচ্ছে, দলটা তার আদর্শ হারিয়ে ফেলেছে। আমি এখন যা দেখছি, এটা একটা সাম্প্রদায়িক দল, যারা সব সম্প্রদায়ের কথা না ভেবে শুধু মুসলিম ভোটব্যাঙ্কের পিছনে ছুটছে। যেমন ধরুন শেরমান আলির ঘটনা। একাধিক দল থেকে বিতাড়িত হওয়ার পর, ভোটের ঠিক আগে তিনি তৃণমূলে যোগ দিলেন এবং মুসলিম প্রধান একটি কেন্দ্র থেকে জিতেও গেলেন।" তিনি আরও বলেন, তৃণমূল নিজেদের সর্বভারতীয় দল বলে দাবি করলেও, আসলে এটি একটি বঙ্গ-কেন্দ্রিক দল যা মমতা বন্দ্যোপাধ্যায় চালান।

তাঁর অভিযোগ, "সবকিছুতেই অনিয়ম। এটা একটা আঞ্চলিক দল এবং অসমকে কোণঠাসা করে রাখা হয়েছে। একজন হিন্দু বাঙালি নেতা হিসেবে আমি আমার সম্প্রদায়ের সুরক্ষার জন্য, তাদের আওয়াজ তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। কিন্তু দলের সিদ্ধান্তগুলো এখন আমাদের বিরুদ্ধেই যাচ্ছে। আমার বিবেক বলছে, এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।" অভিজিৎ আরও অভিযোগ করেন যে, তৃণমূল "সাম্প্রদায়িক হয়ে উঠেছে, হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং যে আদর্শের উপর ভিত্তি করে আমরা দলটা তৈরি করেছিলাম, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।"

অভিজিৎ স্পষ্ট জানান, "আমি দল থেকে পদত্যাগ করেছি। আমাকে বহিষ্কার করার প্রশ্নই ওঠে না, কারণ তার জন্য আগে নোটিশ দিতে হয়... অসমে তৃণমূলের কোনও অস্তিত্বই ছিল না। আমিই এখানে শূন্য থেকে দলটাকে তৈরি করেছি।" প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন। তবে কাকলি স্পষ্ট করে দেন যে, সাংগঠনিক দায়িত্ব ছাড়লেও তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করে যাবেন।

উল্লেখ্য, গত মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যায় এবং বিজেপি রাজ্যে প্রথমবার সরকার গঠন করে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Karnataka CM: বুধে মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, নয়া মন্ত্রিসভা ঘিরে ব্যাপক জট
Child Swallowed Toothbrush: ২৫ দিন ধরে শিশুর শ্বাসনালিতে আটকে টুথব্রাশ, জটিল অপারেশনের পর উদ্ধার