
Nitish Kumar Son Nishant Kumar: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন। বিহার রাজনীতির সবচেয়ে বড় দুই নাম- লালুপ্রসাদ যাদবের পর এবার নীতীশ কুমারের ছেলেও রাজনীতিতে ঢুকে পড়ছেন। মুখ্যমন্ত্রী নীতীশের ছেলে নিশান্তকে রাজ্যসভায় পাঠাতে চলেছে জনতা দল ইউনাইটেড। সব ঠিক থাকলে বিজেপির পূর্ণ সমর্থনে বিহার থেকে রাজ্য়সভার সাংসদ হওয়া নিশ্চিত নিশান্ত কুমারের। সব ঠিক থাকলে দু একদিনের মধ্যেই নিশান্তের নাম রাজ্য়সভার সাংসদ হিসাবে ঘোষণা করা হবে। জেডিইউ নেতা ও রাজ্যের মন্ত্রী শরওয়ান কুমার নিশ্চিত করেছেন যে নিশান্ত সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই JDU প্রাক্তন মুখ্যমন্ত্রী কারপুরি ঠাকুরের পুত্র রামনাথ ঠাকুরকে রাজ্যসভার সদস্য হিসেবে ধরে রেখেছে।
বিহারে পাঁচটি রাজ্যসভা আসনের মধ্যে চারটিতে এনডিএ প্রার্থীদের জয় পুরোপুরি নিশ্চিত। আগামী ১৬ মার্চ হতে চলা বিহারে রাজ্যসভা নির্বাচনে বিজেপি তিনটি, জেডিইউ একটি ও চিরাগ পাসোয়ানের এলজিপি একটি আসনে প্রার্থী দিতে পারে। নীতীশ পুত্র পাটনার সেন্ট কারেন্স স্কুল ও মুসৌরির মানব ভারতী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। পরে রাঁচির এক কলেজ থেকে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নীতীশ পুত্র নিশান্ত এক সাক্ষাতকারে বলেছিলেন, "রাজনীতির প্রতি আমার কোনও আগ্রহ নেই। রাজনীতি সম্পর্কে আমার তেমন জ্ঞানও নেই। আধ্যাত্মিকতাই আমার প্রথম ভালোবাসা।"কিন্তু পরবর্তী পরিস্থিতিতে সিদ্ধান্ত বদল করে জেডিইউ 'বাঁচাতে' আসরে নামছেন নিশান্ত। সক্রিয় রাজনীতিতে নীতীশের সময় যত শেষ হচ্ছে, ততই নিশান্তকে ময়দানে নামার ডাক বাড়াচ্ছিলেন দলের সমর্থকরা।
৭৫ বছরের নীতীশ এবারই শেষ বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এটাই শেষ মেয়াদ বলে মনে করা হচ্ছে। এরই মাঝে নীতীশ পুত্রের সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়া বড় ইঙ্গিত হিসাবে ধরা হচ্ছে। তাহলে কি ২০৩০ বিহার বিধানসভা নির্বাচনে সরাসরি নীতীশ পুত্র নিশান্ত বনাম লালু পুত্র তেজস্বী যাদবের মধ্যে হতে চলেছে?