
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংবিধানিক পদে ২৫ বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে দেশজুড়ে বড়সড় কর্মসূচির পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি (BJP)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই 'সেবাপক্ষ' বা পরিষেবা সপ্তাহ। জানা যাচ্ছে, 'সেবা সংকল্প মহোৎসব' নামে এই ১৫ দিনের প্রচারাভিযানে একাধিক জনকল্যাণমূলক কাজ করা হবে।
এর মধ্যে থাকছে দেশজুড়ে স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বাস্থ্য শিবিরের মতো নানা উদ্যোগ। এই প্রচার কর্মসূচির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ২০২৬ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী মোদী সাংবিধানিক পদে তাঁর ২৫ বছর পূর্ণ করবেন। ২০০১ সালের এই দিনেই তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। সেই মাইলফলককেই উদযাপন করতে আগে থেকে এই প্রস্তুতি শুরু করছে দল। এই বিশাল কর্মসূচির তত্ত্বাবধানের জন্য বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে জাতীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিটি রাজ্যে কর্মসূচি পরিচালনার জন্য একটি সাত সদস্যের কমিটি তৈরি করা হবে। এই কমিটিতে একজন মন্ত্রী, একজন সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং পাঁচজন রাজ্যস্তরের শীর্ষস্থানীয় নেতা থাকবেন।
বিজেপি সূত্রে খবর, মোদীর ২৫ বছরের রাজনৈতিক যাত্রাকে তুলে ধরতে বিশেষ ফোটো এবং ডিজিটাল প্রদর্শনীরও আয়োজন করা হবে। সেখানে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণ প্রকল্পগুলি তুলে ধরা হবে। পাশাপাশি, সুশাসন, উন্নয়ন এবং 'অন্ত্যোদয়' (সমাজের প্রান্তিক শ্রেণির উন্নয়ন) বিষয়ে সেমিনার এবং বুদ্ধিজীবী সম্মেলন করারও পরিকল্পনা রয়েছে। যুবক-যুবতীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষকে জানাতে বিশেষ শিবিরও করা হবে। উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। জাতীয় রাজনীতিতে আসার আগে তিনি প্রায় ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।