
বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে সন্তানকে নিয়ে টানাটানি করা যাবে না। সন্তান কোনও সম্পত্তি নয়, বাবা-মায়ের খেলনাও নয়। সন্তানের হেফাজত বা Custody নিয়ে বিরোধের ক্ষেত্রে বাবা-মায়ের অধিকারের চেয়ে সন্তানের মানসিক ও আবেগগত ভালো থাকাকে বেশি গুরুত্ব দিতে হবে। এক গুরুত্বপূর্ণ মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দুই নাবালক ছেলের হেফাজত নিয়ে বাবা-মায়ের দীর্ঘ আইনি লড়াইয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ আদালত। ১৬ ও ১৪ বছর বয়সি দুই ছেলেকে মায়ের কাছেই থাকার অনুমতি দিয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের বেঞ্চ। একই সঙ্গে বাবার সঙ্গে সন্তানদের নিয়মিত দেখা করার ব্যবস্থাও করে দিয়েছে আদালত।
২০০৯ সালের অগস্ট মাসে বিয়ে করেছিলেন ওই দম্পতি। ২০১৪ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলের জন্ম ২০১০ সালের জুলাই এবং ২০১২ সালের মে মাসে। পরবর্তীতে স্বামীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় ২০১৮ সালে নিষ্ঠুরতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মঞ্জুর হয়। কিন্তু সন্তানদের হেফাজত নিয়ে বিরোধ চলতেই থাকে। তামিলনাড়ুর মাদুরাইয়ের ফ্যামিলি কোর্ট দুই ছেলের হেফাজত বাবার হাতে দেওয়ার নির্দেশ দেয়। ২০২৪ সালের অক্টোবর মাসে মাদ্রাজ হাই কোর্টও সেই সিদ্ধান্ত বহাল রাখে। এরপর মায়ের আবেদনে বিষয়টি পৌঁছয় সুপ্রিম কোর্টে।
মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট দুই অভিভাবকের সঙ্গে কথা বলে। পাশাপাশি বাবা-মাকে ছাড়া আলাদাভাবে দুই সন্তানের সঙ্গেও কথা বলেন বিচারপতিরা। সেখানে দুই কিশোরই জানায়, তারা মায়ের সঙ্গেই থাকতে চায়। বাবার সঙ্গে থাকতে তারা আগ্রহী নয়। তাদের বক্তব্য অনুযায়ী, বাবার সঙ্গে জীবনে মাত্র চার-পাঁচবার দেখা হয়েছে। শৈশবে প্রায় দু’বছর বাবার সঙ্গে থাকার অভিজ্ঞতা রয়েছে তাদের। আদালতের পর্যবেক্ষণ, দুই কিশোরই নিজেদের মতামত যথেষ্ট পরিণত ও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে। তাই তাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বাবা সন্তানদের হেফাজত পাওয়ার যোগ্য হলেই যে তাঁকেই হেফাজত দিতে হবে, এমন কোনও বাধ্যতামূলক নিয়ম নেই। এই মামলায় আদালত দেখেছে, বিচ্ছেদের পর থেকে মা একাই দুই সন্তানের লালনপালন ও পড়াশোনার দায়িত্ব সামলেছেন। সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও কোনও অবহেলা হয়নি। মায়ের সঙ্গে তাদের গভীর আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। তাই এতদিনের পরিচিত পরিবেশ থেকে সরিয়ে বাবার কাছে পাঠালে তাদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা ও স্বাভাবিক বেড়ে ওঠার উপর প্রভাব পড়তে পারে বলে মনে করেছে আদালত।
বাবার সঙ্গে দেখা করারও ব্যবস্থা করে দিল আদালত। সন্তানদের জীবন থেকে বাবাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে চায়নি সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত মাদুরাইয়ের গান্ধী মিউজিয়ামে বাবার সঙ্গে দেখা করতে পারবে দুই সন্তান। পোঙ্গল ও অর্ধবার্ষিক ছুটিতেও বাবার সঙ্গে দেখা করার সুযোগ থাকবে। মায়ের বাড়ি অথবা গান্ধী মিউজিয়ামে এই সাক্ষাৎ হতে পারে। দেখা করার আগে ফোন বা WhatsApp-এর মাধ্যমে মাকে জানাতে হবে। সন্তানদের ভবিষ্যতের পড়াশোনার খরচের প্রয়োজন হলে বাবা আর্থিক সাহায্য করবেন। মায়ের দায়িত্ব হবে, সন্তানদের সঙ্গে বাবার দেখা করার এই ব্যবস্থা কার্যকর করা।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাবালকের হেফাজত নির্ধারণের ক্ষেত্রে সন্তানের সার্বিক কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। Guardians and Wards Act, 1890-এর ১৭ নম্বর ধারায় সন্তানের বয়স ও নিজের মতামত বোঝার মতো পরিণত হওয়ার বিষয়টিও বিবেচনা করা যায়। অর্থাৎ, শুধু বাবা বা মায়ের আইনি অধিকার দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। সন্তানের মানসিক অবস্থা, শিক্ষা, নিরাপত্তা, ভালোবাসা এবং তার নিজের মতামতও গুরুত্ব পাবে। এই মামলায় আদালত স্পষ্ট করেছে, বিবাহবিচ্ছেদ হলেও সন্তান যেন বাবা-মায়ের দ্বন্দ্বের শিকার না হয়।