
জয়পুরের রামপুরা কানওয়ারপুরায় একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়ল ককরোচ জনতা পার্টির (CJP) একটি দল। দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর সঙ্গীদের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন CJP নেতা অভিজিৎ দীপকে। এদিন জয়পুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় আশুতোষ রাঙ্কা ও তাঁর সঙ্গীদের। তাদের গাড়িতে ভাঙচুর করা হয়। মারধর করা হয় বলেও অভিযোগ।
ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপকে অভিযোগ করেন, আশুতোষ একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন, যেটি স্থানীয় একটি মোষের খাটাল থেকে চালানো হচ্ছিল। তাঁর দাবি, এরপরই বিজেপির সঙ্গে যুক্ত লোকজন CJP দলের সদস্যদের উপর হামলা চালায়। দীপকের কথায়, "আশুতোষের উপর আজকের এই হামলা প্রমাণ করে যে বিজেপির লোকজন ভয় পেয়েছে। ওরা ভয় পাচ্ছে যে CJP-র চেষ্টায় হয়তো স্কুলটা সত্যি সত্যি ঠিক হয়ে যাবে।"
অভিজিৎ দীপকে আরও অভিযোগ করেন, দলের উপর পাথর ছোঁড়া হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এই হামলায় একজন কর্মীর হাত ভেঙে গেছে এবং আশুতোষ রাঙ্কাকেও মারধর করা হয়েছে। কয়েকজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন বলেও তিনি জানান।
দীপকে প্রশ্ন তোলেন, সরকার কেন স্কুলের জল বা শৌচাগারের মতো সাধারণ সুবিধাগুলো নিয়েও কাজ করছে না? তাঁর অভিযোগ, যারা সরকারি স্কুলের অবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, তাদেরকেই নিশানা করা হচ্ছে। তিনি বলেন, "আমরা তো শুধু স্কুলগুলোর অবস্থা তুলে ধরছি। আমরা শুধু এটাই বলতে চাই যে গরিব ঘরের ছেলেমেয়েরা যে সরকারি স্কুলে পড়ে, সেগুলোর উন্নতি হওয়া উচিত।"
দীপকে স্পষ্ট করে দেন, এই হামলায় CJP তাদের অভিযান থেকে পিছু হটবে না। তিনি দাবি করেন, আশুতোষ রাঙ্কা আবার স্কুল পরিদর্শনে যাবেন। তিনি বলেন, "ওরা যদি ভাবে যে হামলা করে, ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে আমাদের থামিয়ে দেবে, তাহলে ভুল ভাবছে। এমনটা হবে না। আশুতোষ কাল আবার স্কুল পরিদর্শনে যাবে, আর আমিও যাব। আমি তো এবার রাজস্থানে যাবই।"
তিনি আরও যোগ করেন, "আমাদের 'আমাদের স্কুল ঠিক করো' (Fix Our Schools) অভিযান যেমন চলছিল, তেমনই চলবে। ওরা যতবারই হামলা করুক না কেন, আমরা ভয় পাব না। কারণ আমরা একটাই জিনিস চাই—এই দেশের স্কুলগুলোর উন্নতি হোক।"
দীপকে একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই তৈরির জন্য NCERT-র কমিটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করারও সমালোচনা করেন।
তিনি বলেন, "যারা কোনোদিন সংবিধান পড়েনি, এবং যারা স্বাধীনতার পর নিজেদের সদর দফতরে জাতীয় পতাকাও তোলেনি, সেই লোকগুলোই এখন NCERT-র বই লিখবে।"
জয়পুর জেলার রামপুরা কানওয়ারপুরা গ্রামে একটি স্থানীয় সরকারি স্কুল পরিদর্শনের সময় ককরোচ জনতা পার্টির (CJP) সদস্যদের উপর হামলার অভিযোগ ওঠার পরেই রাজস্থানের রাজনৈতিক উত্তেজনা বাড়ে। প্রতিনিধি দলের দাবি, তারা স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে গিয়েছিল। তাদের রিপোর্ট অনুযায়ী, স্কুলটি খুব খারাপ অবস্থায় চলছিল। সেই সময়ই রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাদের উপর চড়াও হয়। এই হামলার পর রাজ্যের বিরোধী নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ, সরকারি স্কুলের বেহাল দশা ঢাকতেই শাসকদল বলপ্রয়োগ করছে। CJP টিমের সদস্যরা অভিযোগ করেছেন যে, স্কুল পরিদর্শনের সময় একটি সংগঠিত দল তাদের উপর শারীরিক হামলা চালায় এবং হেনস্থা করে।