Delhi Protest: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ইন্ডিয়া' জোটের মিছিল আটকাল পুলিশ! সাংবাদিকদের যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের পদোন্নতি?

Subhankar Das   | PTI
Published : Oct 06, 2026, 11:40 AM ISTUpdated : Oct 06, 2026, 11:47 AM IST
Delhi Protest

সংক্ষিপ্ত

Delhi Protest: খবর আসছে, নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনের মকরদ্বার থেকে মিছিল শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবরা। তবে বিরোধীদের এই মিছিল আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বিরাট পুলিশবাহিনী।

Delhi Protest: উত্তাল দিল্লি। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার, রাজধানীতে আন্দোলনে নামলেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের সাংসদেরা। প্রথমে ছাত্র-যুবরা এবং এবার সরাসরি বিরোধী জোট রাস্তায়। নির্বাচন সদন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। দুপুরে সংসদ ভবন থেকে নির্বাচন সদন পর্যন্ত মিছিল করার কথা রয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সাংসদদের (Delhi Protest)। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, মোট ৩,০০০-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছাত্র-যুবদের আন্দোলন চলাকালীন সাংবাদিকদের উপরেও পুলিশি বলপ্রয়োগের অভিযোগ উঠছে। এমনকি, সাংবাদিককে যৌন নিগ্রহের অভিযোগও উঠেছে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এমতাবস্থায় মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে (Delhi Protest Latest News)।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ইন্ডিয়া' জোটের মিছিল আটকাল পুলিশ

খবর আসছে, নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনের মকরদ্বার থেকে মিছিল শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবরা। তবে বিরোধীদের এই মিছিল আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বিরাট পুলিশবাহিনী। মিছিল কিছুটা দূরে এগোতেই আটকানো হয় তাদের। এরপর পুলিশ বাধা দিলে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। কার্যত, বিক্ষোভ দেখাতে শুরু করেন 'ইন্ডিয়া' জোটের সাংসদরা। বিরোধীদের এই মিছিল থেকে ক্রমাগত স্লোগান ওঠে “ভোট চোর, গদি ছোড়।"

সাংবাদিকদের যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের পদোন্নতি?

অন্যদিকে, ছাত্র-যুবদের আন্দোলন চলাকালীন যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেই আধিকারিককেই এবার প্রোমোশন দিল দিল্লি পুলিশ। যদিও বিতর্কের মুখে পুলিশ ব্যাখ্যা দিয়েছে, এটি রুটিন পদোন্নতি। কিন্তু বিতর্ক থামছে না। ইতিমধ্যেই ঐ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিতে অনড় রয়েছে বিভিন্ন দল এবং সংগঠন। শনিবার, বিক্ষোভের খবর করতে যান তিনজন মহিলা সাংবাদিক। কিন্তু দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তারা। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন দিল্লি পুলিশের সহকারী কমিশনার (এসিপি) বিবেক ভগৎ। ইতিমধ্যেই পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছে ককরোচ জনতা পার্টি। পুলিশের সঙ্গে কথা বলেছেন সিজেপি নেতা সৌরভ দাস এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Election Commission: ফর্ম ৬ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই সিইসি জ্ঞানেশ কুমারকে তোপ ইন্ডিয়া জোটের
Black Sea Attack: কৃষ্ণসাগরে জাহাজে হামলা, নিরাপদে আছেন তিন ভারতীয় নাবিক