
Election 2026 Dates: বাংলা, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির মত আর কদিন পরে বিধানসভা নির্বাচন হবে অসমেও। আর উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে দুই দফার মধ্য়ে ভোট করাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য়ের সব ছোট-বড় রাজনৈতিক দলগুলি। বাংলা, তামিলনাড়ু, কেরলের মতই এপ্রিলে অসমে ভোট হওয়ার কথা। এদিকে তখন অসমের বড় উৎসব বিহু। আর বিহুতে যাতে রাজ্যবাসীর কোনও অসুবিধা না হয়, তাই আসন্ন অসম বিধানসভা নির্বাচন দু'টির বেশি দফায় না করার আবেদন জানাল একাধিক রাজনৈতিক দলগুলি। এক কিংবা দুই দফাতেই ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচন মিটিয়ে ফেলতে কমিশনকে অনুরোধ করা হল। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে দাবি তোলা হয়েছে, বিহু উৎসবের আগে বা পরে ভোটের দিনক্ষণ নির্ধারণ করা হোক, যাতে উৎসবের সঙ্গে ভোটের সূচি না মেলে। প্রসঙ্গত, ১৪-২০ এপ্রিল পর্যন্ত অসমে বিহু উৎসব চলছে। গতবার, মানে ২০২১ সালে অসমে তিন দফায় বিধানসভা ভোট হয়েছিল। প্রথম দফায় ৪৭টি, দ্বিতীয়টিতে ৩৯ ও শেষ তথা তৃতীয় দফায় ৪০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু বিহুর কথা মাথায় রেখে এবার দুই দফার মধ্য়ে ভোট মিটিয়ে ফেলার আবেদন করা হয়েছে।
সূত্রের খবর, অসমে এক দফাতেই এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট করানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এদিকে, নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, জেলা নির্বাচন আধিকারিক-কাম-জেলা শাসক এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকও করে।
SIR-এর পর অসমে মোট ভোটার এখন ২ কোটি ৪৯ লক্ষ
আজ, মঙ্গলবার গুয়াহাটির এক নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন অসমের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু ও বিবেক জোশী এবং অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল-সহ কমিশনের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় রাজনৈতিক দল হিসেবে উপস্থিত ছিল আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অন্যদিকে রাজ্য স্তরের দলগুলির মধ্যে ছিল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ), অসম গণ পরিষদ (এজিপি), বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)।
SIR বা বিশেষ সংশোধনের পর অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন। খসড়া তালিকায় ভোটার ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ জন। চূড়ান্ত তালিকায় তা কমেছে ২ লক্ষ ৪৩ হাজার ৪৮৫ জন। তালিকার তুলনায় মোট ০.৯৭% হ্রাস হয়েছে। অসমে গত বছর ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেন। মোট ৬১ লক্ষ ০৩ হাজার ১০৩টি পরিবারের পরিদর্শন করা হয়। চূড়ান্ত তালিকায় লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩ জন পুরুষ ভোটার, ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩ জন মহিলা ভোটার এবং ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। নাম বাদ পড়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৯৯২ জন মৃত ভোটার। ৫ লক্ষ ২৩ হাজার ৬৮০ জন স্থানান্তরিত ভোটার এবং ৫৩ হাজার ৬১৯ জন একাধিকবার নথিভুক্ত ভোটার। ১৮ বছর বা তার বেশি বয়সি ৬,২৭,৬৯৬ জন নতুন যোগ্য নাগরিককে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে। মোট ৭,৬০,৫১৩টি ফর্ম-৬ আবেদন জমা পড়ে, যার মধ্যে ৫,৮৬,১৪৬টি গৃহীত হয়েছে।