
Hottest Cities in Asia:এখনও শীতের আমেজ যায়নি দেশের অনেক জায়গাতেই। মার্চের গোড়ায় দেশে খুব একটা গরম পড়ে না। কিন্তু এবার যেন কিছুটা ব্যতিক্রম। হোলির দুপুরে দিল্লিতে গত কয়েক বছরে এত গরম পড়েনি। কলকাতা, মুম্বই, চেন্নাইতেও এবার হোলি বেশ গরমের মধ্যেই কেটেছে। এরই মধ্যে দেশের এক শহর আজ, শুক্রবার এশিয়ার মধ্যে সবচেয়ে উষ্ণতম শহর হল। উষ্ণতমের বিচারে আজ এশিয়ার প্রথম ৬টি শহরই ভারতের। মার্চের গোড়াতেই দেশের বিভিন্ন শহরে একেবারে গরমের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও বেশ গরম পড়েছে। দুপুরে ঘরের বাইরে বের হওয়া কঠিন হচ্ছে।
এশিয়ার উষ্ণতম শহরের তালিকায় মুম্বই রয়েছে দুই নম্বরে। মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদ (৩৬ ডিগ্রি), গুজরাটের আমেদাবাদ (৩৫ ডিগ্রি) রয়েছে এশিয়ার উষ্ণতম শহরের তালিকায় যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। মধ্যপ্রদেশের দুই শহর ইন্দোর আর রাতলাম আছে এশিয়ার উষ্ণতম শহরের তালিকার তিন ও চার নম্বরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রিতে থাকা কলকাতা রয়েছে এই তালিকার আট নম্বরে, তাইল্যান্ডের ব্য়াঙ্ককের পিছনে।
এশিয়ার উষ্ণতম শহরের তালিকায় আজ, শুক্রবার শীর্ষে আছে মহারাষ্ট্রের সোলাপুর। কর্ণাটক সীমান্তের সোলাপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এখন যারা সোলাপুরে গিয়েছেন, তারা বলছেন জায়গাটাকে এখন মহারাষ্ট্রের মরভূমি বললে কম বলা হবে না। মুম্বই থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরের মহারাষ্ট্রের এই শহরে আগামী কদিনের মধ্য়ে তাপপ্রবাহও হতে পারে।
গত বছর ভারতের মধ্য়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াস (১২১.৭ ডিগ্রি ফারেনহাইট)। রাজস্থানের শ্রী গঙ্গানগরে ১৩ জুন এতটাই গরম ছিল। এটি ২০২৫ সালে ভারতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
চলতি বছর ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দফতরের মতে, দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সাধারণের চেয়ে বেশি থাকবে এবং তাপমাত্রা দিনও বাড়তে পারে। IMD-র পূর্বাভাস, দেশের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কেবল উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিক বা কিছুটা কম থাকতে পারে। পাশাপাশি বেশিরভাগ অঞ্চলে রাতের তাপমাত্রাও বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।