ভারতীয় রেলে বন্ধ হতে পারে RAC ব্যবস্থা? পুরো ভাড়া দিয়েও মিলবে না সিট, বিশেষ ভাবনার রেল

Published : Nov 14, 2026, 12:03 PM IST
Rail

সংক্ষিপ্ত

ভারতীয় রেলের দীর্ঘদিনের আরএসি ব্যবস্থা কি এবার বন্ধ হতে চলেছে? যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নিয়েও পূর্ণ বার্থ না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে।

ভারতীয় রেলে দীর্ঘদিনের প্রচলিত ‘রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন’ বা আরএসি (RAC) ব্যবস্থা কি এবার বন্ধ হতে চলেছে? এই নিয়ে জোরালো জল্পনা তৈরি হয়েছে। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) আরএসি টিকিটের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পর বিষয়টি নতুন করে বিবেচনা করছে রেল মন্ত্রক। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি ভাবেও কোনও ঘোষণা করা হয়নি। বর্তমান নিয়ম অনুযায়ী, আরএসি টিকিট থাকা দু’জন যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ ভাগ করে যাত্রা করতে হয়। অর্থাৎ, প্রত্যেক যাত্রীকে সম্পূর্ণ ভাড়া দিয়েও একটি পূর্ণ বার্থের সুবিধা পাওয়া যায় না। একই আসনে দু’জনকে জায়গা ভাগ করে নিতে হয়। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় এই ব্যবস্থা নিয়ে অনেক সময় যাত্রীদের মধ্যে অসন্তোষ ও মতবিরোধ তৈরি হয়। যাত্রীদের মধ্যে একজন মহিলা এবং অন্যজন পুরুষ হলে অস্বস্তির আশঙ্কাও থাকে।

দীর্ঘদিন ধরেই আরএসি ব্যবস্থার নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের একাংশের বক্তব্য, যখন একজন যাত্রীকে সম্পূর্ণ বার্থ দেওয়া হচ্ছে না, তখন তাঁর কাছ থেকে পুরো ভাড়া নেওয়া কতটা যুক্তিসঙ্গত? এই প্রশ্নের ভিত্তিতেই ব্যবস্থাটির পরিবর্তন অথবা সম্পূর্ণ বিলুপ্তির দাবি উঠেছে বিভিন্ন সময়ে। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে পেশ করা একটি রিপোর্টে আরএসি যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কমিটির সুপারিশ, যে সমস্ত যাত্রী পূর্ণ বার্থের সুবিধা পাচ্ছেন না, তাঁদের ভাড়ার একটি অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত। অর্থাৎ, আরএসি টিকিটের ক্ষেত্রে যাত্রীদের আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছে।

এই সুপারিশ সামনে আসার পরই আরএসি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে রেল মন্ত্রকের অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে খবর। রেল সূত্রে খবর, যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নিয়ে তাঁদের অর্ধেক বার্থের সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে রেল আধিকারিকদের মধ্যেও আলোচনা চলছে। তবে আরএসি ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হবে, নাকি আগের নিয়ম বজায় রেখেই যাত্রীদের ভাড়ার একটি অংশ ফেরত দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখযোগ্য ভাবে, বন্দে ভারত স্লিপার এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে আরএসি ব্যবস্থা রাখা হয়নি। সেখানে শুধুমাত্র কনফার্মড বার্থ দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে আগামী দিনে ভারতীয় রেলের অন্যান্য ট্রেনেও আরএসি ব্যবস্থা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সে দিকেই নজর থাকছে রেলযাত্রীদের। তবে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আরএসি ব্যবস্থা বন্ধ হচ্ছে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Modi Cabinet: মোদীর মন্ত্রিসভায় এ বার বাংলার এই বিজেপি নেতা? ২৩ নভেম্বর বড় রদবদলের সম্ভাবনা
Jawaharlal Nehru: 'ভারতের রত্ন', জওহরলাল নেহরুর ১৩৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী