
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় সাড়া দিয়ে অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থেকেছেন দেশবাসী। আর এর ফলেই বিশ্ববাজারে সোনার দাম প্রভাবিত হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গয়াল বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন করেছিলেন যাতে তাঁরা সঞ্চিত অর্থ শুধু সোনা আমদানিতে খরচ না করে উৎপাদনশীল সম্পদে বিনিয়োগ করেন। ভারতের মানুষ মোদীর সেই কথাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
গয়ালের কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছিলেন, আমাদের বিদেশি মুদ্রার ভাণ্ডার যেন শুধু সোনা আমদানিতেই শেষ না হয়। সঞ্চয়কে উৎপাদনশীল কাজে লাগাতে বলেছিলেন তিনি। দেশবাসী তাঁর এই কথাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। ফলে সোনা আমদানি কমার পাশাপাশি স্বাভাবিকভাবেই বিশ্ববাজারেও এর দাম কমেছে। সেই কারণেই প্রধানমন্ত্রী দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।”
গত শনিবার লখনউতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর পুরনো আবেদনের কথা মনে করিয়ে দেন। তিনি জানিয়েছিলেন, অপ্রয়োজনীয় সোনা না কেনার জন্য তাঁর আহ্বানে মানুষ ইতিবাচক সাড়া দিয়েছেন। মোদী বলেন, "এক বছর আগে আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, খুব দরকার না হলে এক বছরের জন্য সোনা কিনবেন না।" প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ছাড়ার আহ্বানের সঙ্গে তুলনা টেনে মোদী বলেন, দেশবাসী ঠিক একই স্পিরিট নিয়ে তাঁর ডাকেও সাড়া দিয়েছেন।
তিনি বলেন, "আমি আনন্দিত যে, ঠিক যেমন লাল বাহাদুর শাস্ত্রীজির কথায় দেশবাসী একবেলা খাবার ছেড়েছিলেন, আমার দেশ এখনও সেই চরিত্রই ধরে রেখেছে। আমার মতো একজন সাধারণ মানুষ সোনা কম কিনতে বলেছিলেন; মানুষ তাই করেছেন এবং সোনার দাম কমেছে। আজ মানুষ আমাকে বলছেন, 'মোদীজি, আপনি বলেছিলেন, আমরা শুনেছি, আর আমাদের টাকা বেঁচেছে'।" এর আগে, ২০২৬ সালের ১০ মে সেকেন্দ্রাবাদে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি আবেদন করেছিলেন। পশ্চিম এশিয়ার সংঘাত এবং অশোধিত তেলের দাম বৃদ্ধির মাঝে বিদেশি মুদ্রা বাঁচাতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতেই এই আবেদন করেন তিনি।
তাঁর পরামর্শগুলির মধ্যে ছিল—সোনা কেনা কমানো, এক বছরের জন্য বিদেশ ভ্রমণ সীমিত করা, সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোমকে অগ্রাধিকার দেওয়া, জ্বালানি বাঁচানো, স্বদেশি পণ্য ব্যবহার, রান্নার তেলের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক চাষাবাদকে উৎসাহ দেওয়া। এই আবেদনের পর বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা সরকারি কনভয় কমানো, পাবলিক ট্রান্সপোর্ট এবং ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানোর মতো পদক্ষেপের কথা ঘোষণা করেন।
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়াল, পবন খেরা এবং কার্তি চিদম্বরমের মতো বিরোধী নেতারা এই সব আবেদনের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ ছিল, সরকার নিজেদের অর্থনৈতিক বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চাপাচ্ছে।