
ISRO Chief on Space Tech: মহাকাশ গবেষণায় আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা দরকার, মত প্রাক্তন ইসরো প্রধানের। মহাকাশ ক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিলেন প্রাক্তন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চেয়ারম্যান এ.এস. কিরণ কুমার। সোমবার তিনি বলেন, মানুষের বেঁচে থাকা, জাতীয় নিরাপত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য মহাকাশ প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের (আইএসপিএ) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পেস কনক্লেভের ফাঁকে এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কুমার বলেন, কয়েকটি দেশকে এই ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে দেওয়ার পরিবর্তে আরও বেশি দেশের মহাকাশ কার্যক্রমে অংশ নেওয়া উচিত।
কুমার বলেন, "পৃথিবীতে প্রাণের জন্য মহাকাশ প্রযুক্তি অত্যাবশ্যক। তাই মাত্র কয়েকটি শক্তিশালী দেশের ওপর এই ক্ষেত্রটি ছেড়ে না দিয়ে আরও বেশি দেশের উচিত একসঙ্গে কাজ করা।" তিনি জোর দিয়ে বলেন, যেসব দেশের মহাকাশ প্রযুক্তি রয়েছে আর যারা তা ব্যবহার করতে চায়, তাদের মধ্যে সহযোগিতা দরকার। এই কারণেই এমন অনুষ্ঠানের প্রয়োজন বলেও তিনি মনে করেন। মহাকাশ গবেষণায় ভারত-জাপান সহযোগিতা বৃদ্ধির কথা তুলে ধরে তিনি যৌথ লুনার পোলার এক্সপ্লোরেশন (লুপেক্স) মিশনের কথা উল্লেখ করেন। এটিকে তিনি দুই দেশের একটি যৌথ উদ্যোগ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, "ভারত ও জাপানের মধ্যে একটি সহযোগিতামূলক মিশন রয়েছে। একে লুপেক্স মিশন বলা হয়, যেখানে আমরা চন্দ্রযান মিশনের জন্য একসঙ্গে কাজ করছি।"
কুমার লো আর্থ অরবিট (লিও) স্যাটেলাইট যোগাযোগ এবং নেভিগেশন প্রযুক্তিতে উদীয়মান সুযোগগুলির কথাও উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে লিও-ভিত্তিক পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং (পিএনটি) ক্ষমতার বিকাশ। প্রতিষ্ঠিত মহাকাশ ক্ষমতার অধিকারী দেশগুলি এবং যারা মহাকাশ প্রযুক্তি পেতে চাইছে, তাদের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য আইএসপিএ-র প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, "আইএসপিএ এই কাজটা খুব ভালোভাবে করছে।" তিনি আরও জানান, দু'দিনের এই কনক্লেভে বেশ কয়েকটি গোলটেবিল বৈঠক, আলোচনা এবং রুদ্ধদ্বার বৈঠক হবে।
মহাকাশের ক্রমবর্ধমান কৌশলগত তাৎপর্যের ওপর জোর দিয়ে কুমার বলেন, এই ক্ষেত্রটি আর শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নেই। দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে কৌশলগত প্রয়োগ - সব ক্ষেত্রেই প্রযুক্তির ভূমিকা ক্রমশ বাড়ছে। তাঁর মতে, "মহাকাশ এমন একটা জায়গা হয়ে উঠছে যেখানে ক্ষমতা জাহির করার খেলা চলছে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ দিক। পৃথিবীতে দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে কৌশলগত দিক - সবক্ষেত্রেই প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি।"
ভারতের মানব মহাকাশযান কর্মসূচি সম্পর্কে কুমার জানান, ২০২৭ অর্থবর্ষে প্রথম গগনযান উৎক্ষেপণ হওয়ার কথা রয়েছে। তিনি এও বলেন যে ইসরো বেশ কয়েকটি নেভিগেশন এবং অন্যান্য স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে। বেসরকারি মহাকাশ সংস্থাগুলির ক্রমবর্ধমান অবদানের বিষয়ে তিনি আস্থা প্রকাশ করেছেন। আগামী মাসগুলিতে বেশ কয়েকটি উৎক্ষেপণ হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, "বেসরকারি সংস্থাগুলির তরফেও অনেক উৎক্ষেপণ দেখা যাবে। যেমন, সম্ভবত জানুয়ারি মাসে স্কাইরুট পরিকল্পনা করছে। আর এর কিছুদিন পর অগ্নিকুলও থাকতে পারে।" আইএসপিএ আয়োজিত দু'দিনের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পেস কনক্লেভে আন্তর্জাতিক প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্প প্রতিনিধি এবং মহাকাশ ক্ষেত্রের অন্যান্য স্টেকহোল্ডাররা বিশ্বব্যাপী সহযোগিতা, প্রযুক্তিগত অগ্রগতি, বিনিয়োগের সুযোগ এবং বিশ্ব মহাকাশ ইকোসিস্টেমে ভারতের সম্প্রসারিত ভূমিকা নিয়ে আলোচনা করতে একত্র হয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।