
মধ্যপ্রদেশে এক সরকারি আধিকারিকের বাড়িতে লোকায়ুক্তের তল্লাশিতে কার্যত চক্ষু চড়কগাছ তদন্তকারীদের! উদ্ধার হয়েছে প্রায় আড়াই কেজি সোনা, দেড় কেজির বেশি রুপো এবং ২৬ লক্ষ টাকারও বেশি নগদ। শুধু তাই নয়, দুটি রিসর্ট, একটি ভিলা, একাধিক গাড়ি এবং জমি কেনাবেচার ২৮টি নথিরও সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই আধিকারিকের সম্পত্তির পরিমাণ প্রায় ৭.৬ কোটি টাকা। অভিযুক্ত আধিকারিকের নাম সঞ্জীব কুমার শর্মা। তিনি মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের পাচমাড়িতে সহকারী অধিকর্তা (Assistant Director) পদে কর্মরত। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পত্তি থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে লোকায়ুক্ত।
অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে তাঁর সম্পত্তি পরিচিত আয়ের তুলনায় ২২৮ শতাংশ বেশি বলে অনুমান করা হয়েছিল। এরপর দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়। শনিবার পাচমাড়িতে তাঁর সরকারি আবাসন ও অফিস এবং ছিন্দওয়াড়ায় ব্যক্তিগত বাড়িতে একযোগে তল্লাশি চালায় লোকায়ুক্তের দল। তদন্তকারীদের প্রাথমিক হিসাব অনুযায়ী উদ্ধার ২৬ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা, সোনা ২.৫২৮ কেজি, আনুমানিক মূল্য ৩.৫ কোটি টাকা। রুপো ১.৬৫৬ কেজি, আনুমানিক মূল্য ২.৯৪ লক্ষ টাকা। চারটি গাড়ি, প্রায় ৩১.২০ লক্ষ টাকা। বাড়ির আসবাব ও অন্যান্য সামগ্রীর মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও জমি কেনাবেচা সংক্রান্ত ২৮টি নথি ও চুক্তিপত্র উদ্ধার হয়েছে। দুটি রিসর্ট ও ভিলার সন্ধানও মিলেছে। তল্লাশিতে আরও দুটি গুরুত্বপূর্ণ সম্পত্তির নথি পেয়েছেন তদন্তকারীরা। Ecotel Hotel and Resort, যেটি মাতকুলিতে অবস্থিত, আনুমানিক মূল্য ২ কোটি টাকা। Serenity The Villa, যা পাচমাড়িতে অবস্থিত, আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
তদন্তকারীদের দাবি, এই সম্পত্তিগুলির পাশাপাশি জমি, প্লট ও দোকানের মালিকানা সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হচ্ছে। লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, সঞ্জীব শর্মার মোট সম্পত্তির মূল্য প্রায় ৭.৬ কোটি টাকা। তদন্তকারী সংস্থার দাবি, তাঁর পরিচিত আয়ের তুলনায় এই সম্পত্তির পরিমাণ প্রায় ৫৬০ শতাংশ বেশি হতে পারে। তবে হোটেল, রিসর্ট, জমি ও অন্যান্য সম্পত্তির চূড়ান্ত মূল্যায়ন এখনও বাকি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনিয়োগ এবং আর্থিক নথিও খতিয়ে দেখা হচ্ছে। ফলে সম্পত্তির মোট পরিমাণ আরও বাড়তে পারে। এখনও তদন্ত চলছে। উদ্ধার হওয়া সম্পত্তি বেআইনি কি না, তা তদন্ত শেষ ও আইনি প্রক্রিয়ার পরেই নিশ্চিত হবে।