
সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পরেই তাঁকে একহাত নিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার খাড়গে অভিযোগ করেন, NEET বিতর্ক এবং রাম মন্দির ট্রাস্টে দুর্নীতির মতো গুরুতর বিষয়ে সরকারি ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী কটাক্ষের রাজনীতি করছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় খাড়গে প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের প্রধান হিসেবে রাজনৈতিক কটাক্ষ না করে সমস্যার সমাধান করা উচিত। NEET পরীক্ষার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে দেশের উন্নতি সম্ভব নয়।
খাড়গে বলেন, "অন্যদের কটাক্ষ করা আর টিপ্পনী কাটাই মোদীজির একমাত্র কাজ। আগে মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন। আপনার সেই '৫৬ ইঞ্চির ছাতি' কোথায় গেল? আপনি আজ অন্যদের সমালোচনা করছেন, কিন্তু আমি প্রশ্ন করছি, আপনি দেশের জন্য আসলে কী করেছেন? আপনি আপনার লোকেদের ট্রাস্ট বানাতে বলেছিলেন যাতে তারা চুরি করতে পারে, আর এখন তারা ব্যাপক চুরি করছে। রাম মন্দির ট্রাস্টের জন্য আইন আপনি বানিয়েছেন, লোকও আপনিই মনোনীত করেছেন, আর আপনার লোকেরাই এর সঙ্গে জড়িত। এরপর রয়েছে NEET ইস্যু; লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ঘর ছেড়ে এসে সমস্যায় পড়েছে, তাদের জীবন নষ্ট হচ্ছে। তাদের জীবন ধ্বংস করার জন্য দায়ী কে? মোদী সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। তিনি নিজের দুর্বলতা ঢাকার জন্যই এসব করেন... কোনও প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না... প্রত্যেক প্রধানমন্ত্রী সমস্যার সমাধানের কথা বলেন, এমন মন্তব্য করেন না যা পরে হাসির খোরাক হয়। আমি এই বিবৃতির নিন্দা করছি এবং প্রধানমন্ত্রী মোদীর ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত... যতদিন ওরা থাকবে, দেশের উন্নতি হবে না। ওরা গেলেই দেশের মঙ্গল হবে।"
প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ভারতের মহাকাশ গবেষণার সাফল্যের প্রশংসা করতে গিয়ে নাম না করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তিনি বলেন, স্টার্টআপ সংস্থা 'স্কাইরুট অ্যারোস্পেস'-এর সাফল্যের পিছনে রয়েছেন "২৮ বছর বয়সী তরুণরা", কোনও "৫৬ বছর বয়সী 'যুবক' নন।"
প্রধানমন্ত্রী বলেন, "গত বাদল অধিবেশনের ঠিক আগে একজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন, আর গত পরশু ভারতের একটি তরুণ স্টার্টআপ একটি বড় মাইলফলক অর্জন করেছে। বিশ্বে খুব কম দেশেই এই ধরনের বেসরকারি উদ্যোগ সফল হয়েছে, আর ভারতের যুবকরা মহাকাশে এক নতুন উড়ান নিয়েছে। এটি একটি বিরাট সাফল্য।" স্কাইরুট অ্যারোস্পেসের দলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "এই 'স্কাইরুট' স্টার্টআপে যে তরুণরা কাজ করছে, আমাকে বলা হয়েছে তাদের পুরো দলের গড় বয়স মাত্র ২৮ বছর। এমন তরুণরাই এই কাজটি করেছে; আমি কোনও ৫৬ বছর বয়সী 'যুবকের' কথা বলছি না, আমি দেশের এই ২৮ বছর গড় বয়সের স্টার্টআপগুলোর কথা বলছি, যারা মহাকাশে ভারতের পতাকা তুলেছে।"