
উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত নকশাল কমান্ডার ব্রিজেশ গঞ্জু ওরফে গোপাল সিং ভোক্তা। তার মাথার দাম ছিল মোট ৩০ লক্ষ টাকা। রবিবার সকালে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং রামনগর পুলিশের যৌথ অভিযানে এই এনকাউন্টার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিজেশ গঞ্জু ঝাড়খণ্ডের চতরা জেলার বাসিন্দা। সে ঝাড়খণ্ডে সক্রিয় নিষিদ্ধ নকশাল সংগঠন তৃতীয় প্রস্ততি কমিটি (TPC)-র কমান্ডার ছিল। TPC হল CPI (Maoist)-এর একটি বিচ্ছিন্ন গোষ্ঠী।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে বারাণসীর রামনগরের লঙ্কা ময়দানের কাছে ব্রিজেশকে আটকানোর চেষ্টা করা হয়। সে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছিল। পুলিশ তার গতিরোধ করার চেষ্টা করলে গুলি চালায় বলে অভিযোগ। এরপর পুলিশ ও ব্রিজেশের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে গুলিবিদ্ধ হয় ব্রিজেশ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে একাধিক নকশাল-সংক্রান্ত মামলা ছিল। তাকে গ্রেফতারের তথ্যের জন্য ঝাড়খণ্ড সরকার ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এছাড়া তার সম্পর্কে তথ্যের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA আরও ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। ফলে তার মাথার মোট দাম দাঁড়ায় ৩০ লক্ষ টাকা। এনকাউন্টারের সময় ব্রিজেশের গুলিতে উত্তরপ্রদেশ ATS-এর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিপিন রাই এবং হেড কনস্টেবল নীতিন কৃষ্ণের বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে। তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তাঁরা রক্ষা পান। এনকাউন্টারস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরীক্ষা করে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।
নকশাল কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংস্থাগুলির নজরে ছিল ব্রিজেশ গঞ্জু। TPC-র কমান্ডার হিসেবে ঝাড়খণ্ডে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। পুলিশ এখন খতিয়ে দেখছে, ব্রিজেশ কতদিন ধরে বারাণসীতে ছিল এবং তার সঙ্গে আর কারা যোগাযোগ রাখত। এনকাউন্টারের পর তার সহযোগীদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।