
পেঁয়াজের ক্রমবর্ধমান দামের রাশ টানতে সোমবার থেকে “কান্দা এক্সপ্রেস” চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রের বাফার স্টক থেকে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে দেশের প্রধান ভোগ্যকেন্দ্রগুলিতে। নাসিক থেকে বিশেষ এই রেল পরিষেবার মাধ্যমে পেঁয়াজ পাঠানো হবে দিল্লি, চেন্নাই, কোচি এবং গুয়াহাটিতে, যেখানে দাম জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। উচ্চ-মূল্যের বাজারগুলিতে জোগান বাড়িয়ে দাম আরও বৃদ্ধি ঠেকানোই এই উদ্যোগের লক্ষ্য।
ভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার পেঁয়াজের গড় খুচরো দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ টাকা প্রতি কেজি, যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ এবং এক মাস আগের তুলনায় ১৯ শতাংশেরও বেশি বৃদ্ধি। কিছু বড় শহরে দাম বিশেষভাবে চড়া। দিল্লিতে পেঁয়াজ বিকোচ্ছে প্রায় ৬৫ টাকা কেজি দরে, যেখানে গত বছর এই দাম ছিল ৩৫ টাকা। চেন্নাইতেও দাম পৌঁছেছে ৫৮ টাকায়, গত বছর যা ছিল ৩৩ টাকা।
ভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন, বাফার স্টক থেকে রেলপথে পেঁয়াজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার, যাতে যেসব এলাকায় দাম বেশি সেখানে সরবরাহ বাড়ানো যায়। তিনি আরও জানান, আগামী কয়েক মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে সরকার ও কৃষক উভয়ের কাছেই। কেন্দ্রের এই উদ্যোগকেই 'কান্দা এক্সপ্রেস' বলা হচ্ছে।
দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্রে কম আয়তনে চাষ ও বর্ষা দেরিতে আসার কারণে খারিফ মরশুমে পেঁয়াজ উৎপাদন ৫ থেকে ৭ শতাংশ কমেছে বলে খবর মিলেছে, যার জেরেই এই হস্তক্ষেপ। তবে কৃষি মন্ত্রকের দ্বিতীয় অগ্রিম হিসেব অনুযায়ী, ২০২৫-২৬ শস্য বর্ষে মোট পেঁয়াজ উৎপাদন দাঁড়িয়েছে ৩০.৭৩ মিলিয়ন টন, যা আগের বছরের ৩০.৭৬ মিলিয়ন টনের তুলনায় প্রায় অপরিবর্তিত।
মহারাষ্ট্রের বৃহত্তম পেঁয়াজ বাণিজ্যকেন্দ্র লাসলগাঁওয়ে পাইকারি দাম জুন মাস থেকে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কুইন্টালপ্রতি প্রায় ২,০০০ টাকা থেকে বেড়ে তা এখন পৌঁছেছে প্রায় ৩,৮০০ টাকায়।
বাফার স্টক মজবুত করতে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত প্রায় ০.১২ মিলিয়ন টন পেঁয়াজ সংগ্রহ করেছে ন্যাফেড এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন। সংগ্রহ মূল্যও একাধিকবার সংশোধন করা হয়েছে, মে মাসে কুইন্টালপ্রতি ১,২৭০ টাকা থেকে বেড়ে তা গত সপ্তাহে দাঁড়িয়েছে ২,৬৪৫ টাকায়।
যেসব বাজারে দাম জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, সেখানে ধাপে ধাপে বাফার স্টক ছাড়বে বলে জানা গিয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরেও নাসিক থেকে প্রধান ভোগ্যবাজারগুলিতে পেঁয়াজ পৌঁছে দাম নিয়ন্ত্রণে একই ধরনের “কান্দা এক্সপ্রেস” পরিষেবা চালু করেছিল কেন্দ্র।