Rahul Gandhi: বাবা-মায়ের ভালোবাসার মুহূর্ত নিয়ে ট্রোল, বিজেপি-আরএসএসকে আক্রমণ রাহুলের

Published : Nov 17, 2026, 05:10 PM IST
Leader of Opposition in the Lok Sabha and Congress MP Rahul Gandhi (Photo/Congress)

সংক্ষিপ্ত

মা সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধীর সঙ্গে মায়ের কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করেছিলেন রাহুল গান্ধী। আর সেই স্মৃতিচারণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা হয়। এবার সেই ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, বিজেপি এবং আরএসএস সমর্থকদের মনে যে রাগ রয়েছে, তা তাঁদের ভালোবাসা প্রকাশ করতে দেয় না।

বাবা-মায়ের ভালোবাসার কথা প্রকাশ্যে বলতেই সমাজমাধ্যমে ট্রোলের মুখে পড়তে হল লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। এবার সেই সমালোচনার জবাব দিতে গিয়ে বিজেপি (BJP) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) বিরুদ্ধে সরব হলেন তিনি। রাহুলের অভিযোগ, ভয়, রাগ ও ঘৃণার পরিবেশ তৈরি করে ভালোবাসার অনুভূতিকে দমিয়ে রাখা হচ্ছে।

সম্প্রতি তাঁর মা তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্মৃতিকথা 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ' (Belonging: A Journey of Love)-এর প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধী ও মায়ের সম্পর্ক নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছিলেন রাহুল। সেই বক্তব্য নিয়েই সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং।

বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লেখেন, বিজেপি ও আরএসএস সমর্থকদের মনে ভয়, রাগ এবং ঘৃণার যে জাল তৈরি হয়েছে, তা তাঁদের ভালোবাসা অনুভব করতে এবং প্রকাশ করতে বাধা দেয়। তিনি আরও বলেন, একজন সত্যিকারের হিন্দু হিসেবে তাঁদের এই মানসিকতা থেকে মুক্ত করার দায়িত্ব নিজের বলে মনে করেন। যাতে তাঁরাও জীবনে ভালোবাসা এবং আপন হওয়ার সৌন্দর্য অনুভব করতে পারেন। পোস্টের শেষে 'সত্যম শিবম সুন্দরম' কথাটিও উল্লেখ করেন তিনি।

রাজীব-সোনিয়ার ভালোবাসার গল্প

সোমবার নয়াদিল্লিতে স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাবা-মায়ের সম্পর্কের নানা অজানা মুহূর্ত তুলে ধরেন রাহুল। তিনি জানান, ছোটবেলায় রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীকে প্রায় সবসময় একসঙ্গে দেখতেন। খাবার টেবিলে বাবা থাকলে মা তাঁর কোলেই বসতেন। রাহুলের কাছে সেটাই ছিল স্বাভাবিক পারিবারিক ছবি। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে বাবা-মাকে এভাবে একসঙ্গে না দেখে অবাক হতেন তিনি।

রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর সোনিয়া গান্ধীর জীবনে কীভাবে আমূল পরিবর্তন এসেছিল, সেই কথাও বলেন রাহুল। তাঁর কথায়, বাবার মৃত্যুর পর তাঁর হাসিখুশি মা যেন হারিয়ে গিয়েছিলেন। জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে সম্পূর্ণ নতুনভাবে পথ চলা শুরু করতে হয়েছিল সোনিয়াকে।

কেমব্রিজে খুঁজেছিলেন বাবা-মায়ের প্রেমের স্মৃতি

অনুষ্ঠানে বাবা-মায়ের প্রথম পরিচয়ের গল্পও ভাগ করে নেন রাহুল। প্রচলিত কাহিনি অনুযায়ী, কেমব্রিজের একটি রেস্তোরাঁয় রাজীব ও সোনিয়ার প্রথম দেখা হয়েছিল। বহু বছর পর কেমব্রিজে গিয়ে সেই রেস্তোরাঁয় হাজির হয়েছিলেন রাহুল। সেখানে গিয়ে কর্মীদের জানিয়েছিলেন, এই জায়গাতেই তাঁর বাবা-মায়ের দেখা হয়েছিল। কর্মীরাও তাঁদের চিনতেন বলে জানান। এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বাবা-মায়ের প্রেমের গল্পের জনপ্রিয়তার কথাই তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতেই রাহুল জানিয়েছিলেন, স্মৃতিকথা প্রকাশের মঞ্চে কোনও রাজনৈতিক আলোচনা করতে চান না তিনি। একজন সন্তান হিসেবে মায়ের জীবনের কিছু ব্যক্তিগত মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতেই বক্তব্য রেখেছিলেন। তবে সেই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় এবার বিজেপি ও আরএসএসকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেতা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Quad Summit: নরেন্দ্র মোদীর হাতে তেরঙ্গা, ট্রাম্প বললেন 'যত্ন করে রাখুন'
Quad Summit: মোদীকে 'ভীষণ শক্ত ধাতের মানুষ' বললেন ট্রাম্প, চিন প্রসঙ্গে সুর নরম মার্কিন প্রেসিডেন্টের