ট্রেনে যাতায়াত করেন? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনে দাহ্য ও বিপজ্জনক সামগ্রী বহনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পূর্ব রেল। পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, বাজি কিংবা বিস্ফোরক সামগ্রী নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জেল ও জরিমানা। শুধু তাই নয়, ট্রেনের কামরায় ধূমপান করলেও গুনতে হতে পারে মোটা টাকা। পূর্ব রেলের তরফে যাত্রীদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ট্রেনের মধ্যে আগুন লাগার মতো দুর্ঘটনা প্রতিরোধ করতে প্রত্যেককে অগ্নি-সুরক্ষা বিধি মেনে চলতে হবে। লাগেজ বা পার্সেল গোছানোর সময়ও সতর্ক থাকতে হবে। কোনওভাবেই নিষিদ্ধ বা বিপজ্জনক সামগ্রী ট্রেনে বহন করা যাবে না।