SpiceJet: যে বিমানে উঠবেন, সেটাই বাতিল! তবুও অনলাইনে টিকিট বিক্রি, SpiceJet-এ কী চলছে?

Published : Nov 21, 2026, 03:07 PM IST
spicejet

সংক্ষিপ্ত

দেশের বিমান পরিষেবা ক্ষেত্রে বড়সড় সংকট। একের পর এক ফ্লাইট বাতিল করছে বিমান সংস্থা SpiceJet। অথচ অভিযোগ, যে সমস্ত রুটে বিমান চলাচল বন্ধ বা বাতিল করা হয়েছে, সেখানেও অনলাইনে টিকিট বিক্রি চলছে। ফলে বিপাকে পড়ছেন যাত্রীরা। শুধু তাই নয়, বিমান বাতিল হওয়ার পর টিকিটের টাকা ফেরত পেতেও সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে।

দেশের বিমান পরিষেবা ক্ষেত্রে বড়সড় সংকট। একের পর এক ফ্লাইট বাতিল করছে বিমান সংস্থা SpiceJet। অথচ অভিযোগ, যে সমস্ত রুটে বিমান চলাচল বন্ধ বা বাতিল করা হয়েছে, সেখানেও অনলাইনে টিকিট বিক্রি চলছে। ফলে বিপাকে পড়ছেন যাত্রীরা। শুধু তাই নয়, বিমান বাতিল হওয়ার পর টিকিটের টাকা ফেরত পেতেও সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। ভারতের বাজেট বিমান সংস্থা SpiceJet-এর আর্থিক সংকট ক্রমশ গভীর হচ্ছে। গত কয়েক দিনে সংস্থার একাধিক বিমান বাতিল হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিমান সংস্থার বুকিং ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফ্লাইট বাতিল, অথচ অনলাইনে টিকিট বিক্রি!

মুম্বই থেকে দুবাইগামী SpiceJet-এর SG-5060 বিমান গত এক সপ্তাহ ধরে চলেনি। অথচ ২১ নভেম্বরেও ওই বিমানের টিকিট অনলাইনে বিক্রির জন্য উপলব্ধ ছিল বলে অভিযোগ। বিমান চলাচল সংক্রান্ত সাংবাদিক অরিন্দম মজুমদার এই বিষয়টি সামনে আনেন। তাঁর অভিযোগ, একাধিক এমন ফ্লাইটের টিকিট বিক্রি করা হচ্ছে, যেগুলি চালানোর পরিকল্পনাই নেই সংস্থার। যদিও অনলাইন বুকিং সিস্টেমে সময়মতো ফ্লাইটের সূচি আপডেট না হওয়ার কারণেও বাতিল হওয়া বিমানের টিকিট উপলব্ধ দেখাতে পারে।

টাকা ফেরত পেতে হিমশিম যাত্রীরা

বিমান বাতিলের পর টাকা ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে সমস্যা। একাধিক যাত্রীর অভিযোগ, ফ্লাইট বাতিল হওয়ার ২০ দিন পরেও তাঁরা টাকা ফেরত পাননি। কেউ কেউ আবার জানিয়েছেন, তাঁদের জানানো হয়েছে, বাতিল হওয়া বিমানের টাকা ২০২৭ সালের জানুয়ারিতে ফেরত দেওয়া হবে। অনলাইনে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করা যাত্রীরাও সমস্যায় পড়ছেন। বিমান সংস্থার কাছে গেলে তাঁদের সংশ্লিষ্ট বুকিং প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। অন্যদিকে, বুকিং প্ল্যাটফর্ম থেকে আবার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। ফলে যাত্রীরা কার্যত দুই সংস্থার মধ্যে ঘুরপাক খাচ্ছেন।

কত দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ার কথা?

বিমান টিকিট বাতিল হলে টাকা ফেরতের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। ক্রেডিট কার্ডে পেমেন্ট: DGCA-র নিয়ম অনুযায়ী, ৭ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা। অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং: টাকা ফেরতের প্রক্রিয়া ১৪ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ করার কথা। সরাসরি SpiceJet-এর ওয়েবসাইটে বুকিং: সংস্থার প্রকাশিত নিয়ম অনুযায়ী, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, নেট ব্যাঙ্কিং বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্টের টাকা ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার কথা। টাকা ফেরতের ক্ষেত্রে সমস্যা হলে সংশ্লিষ্ট বুকিং প্ল্যাটফর্ম বা বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কেন এই পরিস্থিতি SpiceJet-এর?

শীতকালীন সূচিতে SpiceJet-এর প্রতিদিন ৬৬টি বিমান চালানোর অনুমোদন ছিল। কিন্তু বাস্তবে প্রতিদিন মাত্র ১০-১৫টি বিমান চলাচল করছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকী চালু থাকা বিমানগুলিও অনেক ক্ষেত্রে দেরিতে চলছে। সংস্থার আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে কেন্দ্রীয় সরকারের AirSewa অভিযোগ নিষ্পত্তি পোর্টালে বিমান সংস্থার বিরুদ্ধে ৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।

SpiceJet-কে শোকজ DGCA-র

পরিস্থিতি সামাল দিতে এবার নড়েচড়ে বসেছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA। নিয়ম লঙ্ঘন, একের পর এক ফ্লাইট বাতিল, বিমান চলাচলে বিঘ্ন এবং বকেয়া আর্থিক দায়ের অভিযোগে SpiceJet-কে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সংস্থাকে জবাব দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে একতরফা নির্দেশ জারি করতে পারে DGCA। তবে এই পরিস্থিতির মধ্যে SpiceJet-এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়লেও এখনই বিমান সংস্থাটি বন্ধ হয়ে যাচ্ছে, এমন কোনও সরকারি ঘোষণা হয়নি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India-Bulgaria relations: ভারত-বুলগেরিয়া সম্পর্ক আরও মজবুত! নজরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি
Modi-Nitish: 'নীতিশ সেতু' উদ্বোধনের আগে পাটনা বিমানবন্দরে মোদী-নীতিশের সাক্ষাৎ