
অ্যানিমেটেড ছবিতে ভগবান জগন্নাথকে দেখানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই ধরনের ছবি মুক্তি পেলে কি ভক্তদের বিশ্বাসে আঘাত লাগতে পারে? মঙ্গলবার এই প্রশ্নই তুলেছে সুপ্রিম কোর্ট। 'মহাপ্রভু জগন্নাথ' নামের এই অ্যানিমেটেড ছবিটি নিয়ে ওড়িশা সরকারের আপত্তির আবেদনের শুনানি হবে আগামী ২৯ জুলাই। বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই দিন ধার্য করেছে।
শুনানিতে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের তরফে আইনজীবী পিতাম্বর আচার্য সওয়াল করেন, ছবিতে ভগবান জগন্নাথকে একটি কার্টুন চরিত্রের মতো দেখানো হয়েছে। তবে আদালত এই যুক্তিতে বিশেষ গুরুত্ব দেয়নি। বিচারপতি নাগরত্না প্রশ্ন করেন, "বাচ্চাদের জন্য এই ছবি মুক্তি পেলে কি ভগবান জগন্নাথের প্রতি ভক্তি কমে যাবে? মোটেই না। আপনারা এই আবেদনের পরিধি বাড়াচ্ছেন। সিনেমার প্রদর্শন একটা আলাদা বিষয়। অ্যানিমেশন বরং আরও বেশি আকর্ষণীয় হবে।"
ওড়িশা সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে তাদের আপত্তির কথা জানিয়েছে। তিনি আর্জি জানান, CBFC যতক্ষণ না এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ যেন ছবিটির মুক্তি স্থগিত রাখা হয় এবং শীর্ষ আদালতের আগের নির্দেশ যেন CBFC-কে প্রভাবিত না করে।
এর জবাবে বেঞ্চ জানায়, আগের নির্দেশ দেওয়ার সময়েই তারা আইন-শৃঙ্খলা এবং ধর্মীয় ভাবাবেগের মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি বিবেচনা করেছিল। আইনজীবী আচার্য ফের বলেন, সমস্যাটা উৎসব নিয়ে নয়, বরং ভগবান জগন্নাথকে কার্টুন রূপে দেখানো নিয়ে।
এর আগে ১৭ জুলাই শীর্ষ আদালত 'মহাপ্রভু জগন্নাথ' সিনেমাটি অবিলম্বে মুক্তির আবেদন খারিজ করে দিয়েছিল। রথযাত্রা চলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত জানিয়েছিল, ২৮ জুলাই বা তার পরে ছবিটি মুক্তি দেওয়া যেতে পারে, কারণ রথযাত্রা ২৭ জুলাই শেষ হচ্ছে।
সিনেমা প্রযোজক সংস্থা 'এলে অ্যানিমেশনস প্রাইভেট লিমিটেড' হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। ১৫ জুলাই হাইকোর্ট 'স্কন্দ পুরাণ'-এর ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে না মানার অভিযোগে দেশজুড়ে ছবিটির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। হাইকোর্টে দায়ের করা আবেদনে ছবিটির সার্টিফিকেশন বাতিল করার এবং রাজ্যে এর প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়েছিল।