বাইকে চেপে এসে CRPF চেকপোস্টে জঙ্গিদের গুলি, কুলগামে ৩ জওয়ান আহত, চলছে তল্লাশি

Published : Nov 11, 2026, 04:06 PM ISTUpdated : Nov 11, 2026, 04:13 PM IST
kulgam crpf attack terrorists firing three jawans injured search operation jammu kashmir

সংক্ষিপ্ত

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর তিন জওয়ান। বুধবার এই হামলার পরেই এলাকায় শুরু হয়েছে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান। হামলাকারীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর তিন জওয়ান। বুধবার এই হামলার পরেই এলাকায় শুরু হয়েছে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান। হামলাকারীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার কুলগাম জেলার একটি CRPF চেকপোস্টে মোতায়েন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা জঙ্গিরা। আচমকা গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

CRPF সূত্রে তিন জওয়ান আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সোমবীর সিং এবং কনস্টেবল রাকেশ দাস ও সন্তোষ চন্দ্রু।আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাঁদের মধ্যে দু'জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। তৃতীয় জওয়ানের অবস্থা কিছুটা গুরুতর বলে জানা গিয়েছে। রাকেশ দাসের বাঁ পায়ে, সন্তোষ চন্দ্রুর পেটে ও মেরুদণ্ডে এবং সোমবীর সিংয়ের বাঁ হাতে আঘাত লেগেছে। হামলার পরেই সক্রিয় হয়ে ওঠে নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের খুঁজে বের করতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘিরে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকা। হামলায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

CRPF-এর তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে দুপুর সোয়া ২টোর দিকে। হামলাকারীরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আহত জওয়ানদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি হামলাকারীদের ধরতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হল, কারা এর পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে আসেনি। নিরাপত্তাবাহিনীর অভিযান শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অতিরিক্ত ব্যারিকেড বসানোর পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও নিরাপত্তাবাহিনী। লাউডস্পিকারে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার অনুরোধ জানানো হয়। অ্যাম্বুলেন্সে করে আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যও সামনে এসেছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও সেই সময় কুলগামে ছিলেন, তবে তিনি হামলার স্থান থেকে দূরে ছিলেন। কুলগামের গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আয়োজিত তিন দিনব্যাপী 'বেশো উৎসব'-এ প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল।

এর আগে গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলায় 'অ্যালার্মেদগু' ক্যাম্পে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি (IED) বিস্ফোরণে সিআরপিএফ-এর চার সদস্য আহত হয়েছিলেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: ভারতে মোট কতগুলো ট্রেন চলে? রোজ কত কোটি মানুষ যাতায়াত করেন জানলে অবাক হবেন
8th Pay Commission: গুরুত্বপূর্ণ আপডেট! নতুন বেতন কবে কর্মচারীদের মিলবে, প্রকাশ্যে এল তার গুরুত্বপূর্ণ তারিখগুলো