
Varanasi Undergarments Theft: পোশাকের দোকান থেকে চুরি অন্তর্বাস। একেবারে দশ হাজার টাকার অন্তর্বাস সেই চুরিতে ধরা পড়লেন তিন মহিলা ক্রেতা। প্রমাণ মিলল সিসিটিভি ফুটেজে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। বারাণসীর সিগরা এলাকার দোকানে তিন মহিলার অন্তর্বাস চুরির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, চুরি করা তিন মহিলার মধ্যে একজন হলেন মহিলা ব্যবসায়ী সংগঠনের সভাপতি। তাঁর নাম সুনীতা সোনি। যদিও তদন্ত চলছে বলে পুলিশ এই বিষয় নিয়ে কিছু জানায়নি।
উত্তরপ্রদেশের বারণসী শহরে এই অন্তর্বাস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই চুরির ঘটনায়। লহুরাবির এলাকার একটি হোজিয়ারি দোকান থেকে প্রায় ১০ হাজার টাকার অন্তর্বাস ও অন্যান্য পোশাক চুরির অভিযোগ উঠেছে তিন মহিলার বিরুদ্ধে। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে,গত মঙ্গলবার দুপুরে লহুরাবির এলাকার 'আমানতে হোজিয়ারি' নামে একটি পোশাকের দোকানে ঢোকেন তিন মহিলা। অভিযোগ, তাঁরা সাধারণ ক্রেতা সেজে দোকানে বিভিন্ন সামগ্রী দেখতে থাকেন। সেই সুযোগেই কৌশলে একাধিক অন্তর্বাস ও পোশাক ব্যাগে ভরে নেন। দোকান মালিক সুদীপ সিং পরে স্টকের সঙ্গে মিলিয়ে গরমিল টের পান। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।
ভিডিওতে দেখা যায়, দুই মহিলা সরাসরি সামগ্রী লুকিয়ে নিচ্ছেন। তৃতীয় যে মহিলা তাঁদের সঙ্গে ছিলেন, তাঁকে চিহ্নিত করা হয়েছে সুনীতা সোনি নামে। স্থানীয় ব্যবসায়ী মহলে তিনি পরিচিত মুখ বলেই জানা গিয়েছে। অভিযোগ, দোকানে ঢোকার সময় তিনি নিজেকে সংগঠনের পদাধিকারী বলেও পরিচয় দেন। ঘটনাটি চেতগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে চেতগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, সুনীতা সোনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কেনাকাটার উদ্দেশ্যে দোকানে গিয়েছিলেন এবং ওই দুই মহিলার সঙ্গে পথে দেখা হয়। চুরির ঘটনার বিষয়ে তিনি কিছু জানতেন না বলেই দাবি করেছেন। পাশাপাশি তিনি তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনে সামগ্রী ফেরত দেওয়ার ক্ষেত্রেও সাহায্য করবেন বলে জানিয়েছেন।