
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীতে আবারও বড় ধরনের রদবদল হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো শীর্ষ পদে রদবদলের ঘটনা।
দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (NDC) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টারমাস্টার জেনারেল (QMG) পদে বদলি করা হয়েছে। আর তাঁর জায়গায় এনডিসি-র নতুন কমান্ড্যান্ট হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, যিনি আগে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া, ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (GOC) এবং ঘাটাইল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনা সদরে নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, মিস্টের কমান্ড্যান্ট পদে থাকা মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার পদে বদলি করা হয়েছে। ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার প্রাক্তন প্রধান মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক অবসরে গিয়েছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (CGS) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে আর্মড ফোর্সেস ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ডের (ARTDOC) জিওসি ছিলেন।
রবিবার সেনা সদর থেকে জারি করা এক আদেশে সেনাবাহিনীর শীর্ষ স্তরের আরও কয়েকটি পদে রদবদল করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের (AFD) বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। ৫৫ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (DGFI) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।